পরিচালনা কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার লক্ষ্মীছড়ি উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটি বাতিল করে পরিচালনা কমিটি গঠনের দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন অভিভাবকেরা।
গতকাল সকালে অনেক অভিভাবক বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন। একপর্যায়ে তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপর বিক্ষুব্ধ অভিভাবকেরা বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ করেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান স্বপন চাকমা ও প্রদীপ চাকমা, রেজাউল করিম, পাইচাউ মারমা ও সমীরণ চাকমা।
বক্তারা অভিযোগ করেন, অ্যাডহক কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মিলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করছেন। নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করে আত্মসাৎ করা হচ্ছে। অভিভাবকেরা দীর্ঘদিন ধরে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের দাবি করলেও নানা অজুহাতে এডহক কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। বক্তারা আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন পরিচালনা কমিটি গঠন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
অ্যাডহক কমিটির সভাপতি আবদুর রশিদ মোল্লা অসুস্থ থাকায় অভিযোগ সম্পর্কে তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বিদ্যালয়ের কাজে চট্টগ্রাম বোর্ডে গেছেন। অভিভাবকদের বিক্ষোভ ও অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কয়েকজন অভিভাবক হয়রানির উদ্দেশ্যে এসব কাজ করছেন।’