পরিচালনা কমিটিতে বিরোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে অভিভাবকেরা অভিযোগ করেছেন।বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মাহমুদুল হক গত ২৪ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। অভিযোগ ওঠে, স্থানীয় সাংসদ আবুল কাশেমের সমর্থক হিসেবে পরিচিত গাজী মোহাম্মদ সিকান্দারের চাপের কারণে তিনি পদত্যাগ করেন। পরিচালনা কমিটির পরামর্শে গত ৩ এপ্রিল স্কুলের প্রতিষ্ঠাতা জহুরুল ইসলাম চৌধুরীর মেয়ে হাসিনা খান সভাপতির দায়িত্ব নেন।হাসিনা খানের নেতৃত্বে কমিটি অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাঠানো হয় গত ৪ এপ্রিল। কিন্তু তিন মাস পরও অনুমোদন না পেয়ে সংশ্লিষ্ট পক্ষের লোকজন বোর্ড চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন। তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ নুরুল হুদা তাঁদের জানিয়ে দেন, সাংসদ আবুল কাশেমের অনুমতি ছাড়া তিনি কোনো আদেশ দিতে পারবেন না। নুরুল হুদা এখন বোর্ডের সচিবের দায়িত্ব পালন করছেন।নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘পুরোনো কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়ে আমি তদন্ত করি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসিনা খানের নেতৃত্বাধীন আগের কমিটি বাতিল করে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলাম।প্রসঙ্গত, হাসিনা খানকে অনুমোদন দেয়নি শিক্ষা বোর্ড। বিদ্যালয় পরিচালনার জন্য অ্যাডহক কমিটি করা হয়, যার প্রধান গাজী মোহাম্মদ সিকান্দার।কুমিরা আবাসিক উচ্চবিদ্যালয়ের শিক্ষক মনু চন্দ্র রবিদাশ বলেন, ‘বিদ্যালয়ের বৈধ কমিটিকে বাতিলের সিদ্ধান্ত আমার কাছে বোধগম্য নয়।’অভিভাবক সদস্য এ কে এম শামসুদ্দিন চৌধুরী বলেন, বর্তমান অ্যাডহক কমিটির বিদ্যালয় পরিচালনার কোনো যোগ্যতা নেই। এতে বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে।কমিটি বাতিলের ব্যাপারে স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেমের কোনো ভূমিকা নেই বলে তিনি দাবি করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে এসব অপপ্রচার চালানো হচ্ছে। কমিটি বাতিল বা বহাল রাখার এখতিয়ার কেবল বোর্ড চেয়ারম্যানের।’এদিকে হাসিনা খানের নেতৃত্বাধীন কমিটিকে কেন অনুমোদন দেওয়া হবে না, তা জানতে চেয়ে বোর্ডের বিরুদ্ধে হাইকোর্ট কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছেন। গত ২৪ আগস্ট হাইকোর্ট এই আদেশ দেন। উচ্চ আদালতের এই আদেশ ও প্রাতিষ্ঠানিক বিধিমালা উপেক্ষা করে বোর্ড কর্তৃপক্ষ ২৫ সেপ্টেম্বর পরিচালনা কমিটি ভেঙে দিয়ে ২৯ সেপ্টেম্বর অ্যাডহক কমিটি গঠন করে।জানা গেছে, হাইকোর্টে আরেকটি রিট হয় গত ৩১ অক্টোবর। উচ্চ আদালত চার মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন ও এর কার্যক্রম স্থগিত করে দেন। এ বিষয়ে হাইকোর্ট চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও অ্যাডহক কমিটিকে কারণ দর্শানোর নির্দেশ দেন।হাসিনা খান প্রথম আলোকে বলেন, ‘উচ্চ আদালতের আদেশের ফলে আমাদের কমিটি বৈধ। সে হিসেবে আমরা গত নভেম্বরে তিন দফা সভা করি। তবে কমিটির সদস্যসচিব ও প্রধান শিক্ষক শেখ মো. আজম আমাদের সহযোগিতা করেননি।’এদিকে হাসিনা খানের নেতৃত্বাধীন কমিটির পক্ষ থেকে সদস্যসচিবের বিরুদ্ধে অসহযোগিতা ও আর্থিক অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ এনে গত ২২ নভেম্বর জেলা প্রশাসকের বরাবর চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, কথিত অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে সদস্যসচিবের যোগসাজশে তিনটি ব্যাংকের হিসাব থেকে গত ২ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে মোট সাত লাখ ১৩ হাজার টাকা উত্তোলন করা হয়। কিন্তু ক্যাশ রেজিস্টারে আনুমানিক তিন লাখ ৩৫ হাজার টাকার খরচ দেখানো হলেও বাকি তিন লাখ ৭৮ হাজার টাকার কোনো হিসাব দেওয়া হয়নি। এমনকি কোনো দরপত্র আহ্বান ছাড়া ৫৬ হাজার টাকার বালু ও ইট এবং ডিজিটাল শ্রেণীকক্ষের জন্য প্রায় এক লাখ ৪৭ হাজার টাকার যন্ত্রপাতি কেনা হয়।কুমিরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যসচিব শেখ মো. আজম বলেন, ‘পুরোনো কমিটির সভাপতির অনুমোদন বাতিল করে দিয়েছে শিক্ষা বোর্ড। কাজেই তিনি সভা ডাকতে পারেন না। বোর্ড কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমান পরিস্থিতিতে আমাকে সভা আহ্বান না করার পরামর্শ দিয়েছেন।’ তিনি কোনো আর্থিক অনিয়ম করেননি বলে দাবি করে বলেন, অ্যাডহক কমিটির সভাপতির অনুমতি নিয়ে নিয়ম মেনেই সব খরচ হয়েছে।বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক এহসানে এলাহী প্রথম আলোকে বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের করণীয় কিছু নেই। আমরা কেবল আর্থিক অনিয়মের অভিযোগটি খতিয়ে দেখে তদন্ত কমিটি গঠনের বিষয়ে পরামর্শ দিতে পারি।’