পরিচালনা কমিটির দ্বন্দ্ব, শিক্ষকদের বেতন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির দ্বন্দ্বে পাঁচ মাস ধরে শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ রয়েছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বিদ্যালয়ে এমপিওভুক্ত ১২ জন শিক্ষক ও তিনজন কর্মচারী আছেন। ২০১০ সালের মে মাস থেকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির পদ নিয়ে ধুনট পৌর আওয়ামী লীগের সভাপতি আশেকুর রশিদ ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ফলে পরে প্রকাশ্যে অভিভাবকদের ভোটে আশেকুর রশিদ আবার সভাপতি নির্বাচিত হন। কিন্তু মাজহারুল আনোয়ার এই নির্বাচনকে পক্ষপাতদুষ্ট অভিযোগ করে নতুন সভাপতিকে বাতিলের জন্য ধুনট-শেরপুর এলাকার সাংসদ হাবিবুর রহমানের কাছে আবেদন করেন। এ সময় সাংসদের নির্দেশে তাঁর দেওয়া ডিও লেটারের মাধ্যমে মাজহারুল আনোয়ারকে সভাপতি ঘোষণা করা হয়। এ ঘটনায় আশেকুর রশিদ বগুড়া সহকারী জজ আদালতে একটি মামলা করেন। মামলার শুনানি শেষে আদালত গত এপ্রিল মাসে ওই সভাপতির সব ধরনের কার্যক্রম স্থগিত করেন। বিদ্যালয়ের সভাপতি পদ নিয়ে মামলা ও ক্ষমতার দ্বন্দ্বের রশি-টানাটানি থাকায় শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, ‘এপ্রিল থেকে চলতি আগস্ট পর্যন্ত পাঁচ মাস ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে। বেতন না পাওয়ায় শিক্ষক-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এম এ তারেক হেলালকে সভাপতি করে ১৮ আগস্ট রাজশাহী বোর্ড থেকে একটি অনুমতিপত্র নিয়েছিলাম। কিন্তু পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা থাকায় বেতন উত্তোলন করা যায়নি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি বলেন, ‘এলাঙ্গী উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির পদ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব ও মামলা চলছে। মামলার কারণে পাঁচ মাস ধরে বিদ্যালয়ের ১২ জন শিক্ষক ও তিনজন কর্মচারীর বেতন বন্ধ রয়েছে। ২৩ আগস্ট রাজশাহী শিক্ষা বোর্ড থেকে আমার স্বাক্ষরে বেতন উত্তোলন করা যাবে মর্মে একটি নির্দেশনামূলক পত্র পেয়েছি। কিন্তু ব্যাংক বন্ধ থাকায় এই পত্রের মাধ্যমে বেতন উত্তোলন করা যাবে কি না, এখনো বলতে পারছি না।’