চট্টগ্রাম বন্দরে সেনা মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে, বন্দর পরিচালনার জন্য নয়। বন্দর কর্তৃপক্ষ আর বন্দর ব্যবহারকারীরা আগের মতোই সব কাজ করবে। বন্দরে যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তা দেখার জন্যই সাময়িকভাবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার সংসদ ভবনে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মোস্তফা কামাল পাশা, মোহাম্মদ শাহ আলম, মজাহারুল হক প্রধান, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী, আবু জাহির, নজরুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় পরিস্থিতি স্বাভাবিক করতে চট্টগ্রাম বন্দরে সেনা মোতায়েন ও ১৪৪ ধারা জারির সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়। একই সঙ্গে বন্দর শ্রমিকদের অসন্তোষের বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি করার সুপারিশ করা হয়। এ ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে কারা শ্রমিক আর কারা বহিরাগত, তা-ও খতিয়ে দেখতে হবে।নূর-ই-আলম চৌধুরী সভা শেষে সাংবাদিকদের বলেন, সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে কমিটি একমত পোষণ করেছে। তিনি দাবি করেন, চট্টগ্রাম বন্দরে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, তা নিরসন হয়েছে এবং বৃহস্পতিবার থেকে সেখানে আবার কাজের পরিবেশ ফিরে এসেছে।