পরিচালনা পরিষদ নির্বাচন ও শিক্ষক নিয়োগে অনিয়ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদ নির্বাচন এবং শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে গত বছরের ২৫ জানুয়ারি এবং ৩১ অক্টোবর দুদফায় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মোহাম্মদ ইউসুফ চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। তিনি ২০১১ সালের পরিচালনা পরিষদ বাতিল এবং শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিতের আবেদন জানান। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা অভিযোগ আমলে নিয়ে তা তদন্তের জন্য ওই বিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে বোর্ডে হাজির হওয়ার জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু তাঁরা কেউই সেই চিঠি পাননি বলে জানান। তাই এসব অভিযোগ খতিয়ে দেখতে আগামী ১২ মার্চ (মঙ্গলবার) সবাইকে আবারও বোর্ড কার্যালয়ে ডাকা হয়েছে।’অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালে ভুজপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদ নির্বাচন নিয়মানুযায়ী হয়নি। এতে চূড়ান্ত ভোটার তালিকায় অষ্টম শ্রেণীর ৪১ জন এবং নবম শ্রেণীর ২১ জন শিক্ষার্থীর অভিভাবককে ভোটার করা হয়নি। এটি বোর্ডের ২০০৯-এর ১২ (২) ধারার লঙ্ঘন। অভিযোগ রয়েছে, নির্বাচনী তফসিলে মনোনয়নপত্র দাখিলের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। এ ব্যাপারে দাতা ভোটারদেরও জানানো হয়নি। গত বছরের ২৯ সেপ্টেম্বর প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের নিয়োগদানেও স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্ত ছাড়াই গত বছরের ১৮ জুলাই চট্টগ্রামের স্থানীয় পত্রিকায় সহকারী প্রধান শিক্ষক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। অথচ ২০১১ সালের ৮ নভেম্বরের সভায় শুধু প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। নিয়োগ পরীক্ষায় যোগ্য প্রার্থীদের পাশ কাটিয়ে বর্তমান পরিচালনা পরিষদের শীর্ষ কর্মকর্তাদের পছন্দে প্রধান শিক্ষক পদে বটন কান্তি দে এবং সহকারী প্রধান শিক্ষক সমীর দেব গান্ধীকে নিয়োগ দেওয়া হয়। অভিযোগের ব্যাপারে ভুজপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতি এস কে সেনগুপ্ত বলেন, ‘সব অভিযোগই মিথ্যা। ছোটবেলায় আমি নিজেও এ স্কুলে পড়েছি, সেই টানেই নিঃস্বার্থভাবে এখানে কাজ করে যাচ্ছি। এখান থেকে আমার চাওয়া-পাওয়ার কোনো কিছু নেই। স্কুলের জন্য আমার অবদানে ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে।’