পরিচালনা পর্ষদ গঠন নিয়ে স্থানীয় দুই পক্ষের দ্বন্দ্বে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর উচ্চবিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে গেছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ ঘোষণা করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থী সংখ্যা ১ হাজার ৩৪৫। ২০০৬ সাল থেকে বিদ্যালয় নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব শুরু হয়। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন।
অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মোশতাক হোসেন। এ নিয়ে উভয় পক্ষ ছয়টি মামলা করেছে। মামলাসংক্রান্ত জটিলতায় চার মাস ধরে শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। সর্বশেষ ২০১৪ সালের ১৪ এপ্রিল পরিচালনা পর্ষদ নির্বাচন হয়। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে মোশতাক প্যানেল থেকে তিনজন ও মোশারফ প্যানেল থেকে একজন জয়ী হন।
কমিটিতে সভাপতি হন মোশতাক। পরে ১১ সদস্যের ওই কমিটি অনুমোদনের জন্য পাঠালে শিক্ষা বোর্ড মুকসেদ আলীকে বাদ দিয়ে ১০ জনের কমিটি গত ২ ডিসেম্বর অনুমোদন করে। এ ছাড়া গত বুধবার (৪ মার্চ) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিনকে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বহিষ্কার করেন মোশতাক। এতে পক্ষ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। বহিষ্কারের পরও গত রোববার জসিম উদ্দিন বিদ্যালয়ে আসেন ও দায়িত্ব পালন করেন। এ নিয়ে বিদ্যালয়ের ভেতরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ অবস্থায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে শ্রেণিকক্ষ ত্যাগ করে। পরে বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ ঘোষণা করেন জসিম। এ ব্যাপারে জসিম জানান, বড় ধরনের সংঘর্ষ সময়ের ব্যাপার। তাই শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দশম শ্রেণির শিক্ষার্থী রেজুয়ান আহমেদ ও সাগর মিয়া জানায়, প্রায়ই দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ে এসে মহড়া দেয়। পাঠদান বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় আছেন অভিভাবকেরা। নজরুল ইসলাম ও খোরশেদ আলম নামের দুই অভিভাবক বলেন, পক্ষ দুটির কাছে শিক্ষার্থীরা বড় নয়, পদ বড়।
এ ব্যাপারে মোশারফ বলেন, ‘আমার পক্ষের জয়ীকে কৌশলে বাদ দেওয়ায় এলাকাবাসী এ কমিটিকে এখন আর মানছেন না।’ তবে মোশতাক দাবি করেন, মোশারফ পক্ষের হয়ে কাজ করছেন জসিম। জসিম অনেক টাকা আত্মসাৎ করেছেন। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে বহিষ্কার করায় তিনি পাঠদান বন্ধ করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন।
মোশতাক বলেন, মুকসেদ একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় সম্ভবত বোর্ড তাঁকে বাদ দিয়েছে।
বিদ্যালয়ে পাঠদান বন্ধের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, বিষয়টি তাঁর জানা নেই।