পরিচালনা পর্ষদ নিয়ে দ্বন্দ্ব, বিদ্যালয় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে চাঁপারকোনা মহেশচন্দ্র উচ্চবিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ৬০০ শিক্ষার্থীর লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৩ জুন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচনের জন্য ভোট নেওয়া হয়। এতে পাঁচজন অভিভাবক সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের ১০ কর্মদিবসের মধ্যে সভাপতি নির্বাচন হওয়ার কথা। কিন্তু ওই নির্বাচনকে কেন্দ্র করে পরিচালনা পর্ষদের সভাপতি (অ্যাডহক) মোজামেঞ্চল হক ও স্থানীয় ফজলুর রহমানের মধ্যে বিরোধ চলছে। এ কারণে নির্ধারিত সময়ে নির্বাচন হয়নি। এ ছাড়া এ বিরোধের জের ধরে গত শনিবার সকাল ১০টায় ফজলুর রহমানের সমর্থকেরা বিদ্যালয়ে এসে শিক্ষকদের পাঠদানে বাধা দেন। এতে সকাল ১০টা থেকে শিক্ষকেরা ভয়ে পাঠদান বন্ধ রেখেছেন। পাঠদান না করায় শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে চলে যায়।অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হোসাইন মো. এরশাদ বলে, ‘সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পাঠদান বন্ধ থাকতে পারে না।’ একই শ্রেণীর শিক্ষার্থী শুভ সাহা বলে, ‘স্যারেরা পাঠদান না করায় দুদিন ধরে ক্লাস হচ্ছে না।’পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নুরুল আমিন জানান, সভাপতি নির্বাচন না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষকদের পাঠদান বন্ধ থাকবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আলম জানান, দুই পক্ষের দ্বন্দ্বের কারণে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। ফজলুর রহমান দাবি করেন, ‘আমার সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব নেই। আমার সমর্থকেরা বিদ্যালয়ে কোনো শিক্ষককে পাঠদানে হুমকি দেয়নি।’বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোজামেঞ্চল হক জানান, এটি একটি অপ্রত্যাশিত ঘটনা, তবে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ইলাহী আখন্দ জানান, এ ব্যাপারে তিনি কোনো কিছু জানেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান বলেন, ‘বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে শুনেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’