পরিচালনা পর্ষদে সাংসদের থাকা-না থাকা বিষয়ে আদেশ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সাংসদদের সভাপতি মনোনীত হওয়ার বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর আগামীকাল সোমবার আদেশের দিন ধার্য রেখেছেন আপিল বিভাগ।


আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি নিয়ে আদেশের এই দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর ভিকারুননিসা নূন স্কুলের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম বায়েজীদ। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

একটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে গত ১ জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০০৯-এর ৫(২) ও ৫০ বিধি বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে সাংসদেরা ইচ্ছা করলেই পদাধিকারবলে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন না। তবে চাইলে সাংসদেরা নির্বাচনের মাধ্যমে সভাপতি হতে পারবেন।

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ, ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষ পৃথক লিভ টু আপিল করে। আজ এর ওপর শুনানি হয়।