পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে সংঘর্ষ, বিদ্যালয় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জের টঙ্গীরপাড় হাটিলা (ইউ.) উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিন জন আহত হন। এ ঘটনায় বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন উপলক্ষে প্রধান শিক্ষক মো. তাফাজ্জল হোসেন বিদ্যালয়ে একটি সাধারণ সভার আয়োজন করেন। সভাপতি পদে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. মুকবুল আহমেদ চৌধুরীর ছেলে মো. ফরহাদ হোসেন চৌধুরী ও হাটিলা (পূর্ব) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে ১১ ভোটার ভোট দেন। এতে ফরহাদ হোসেন চৌধুরী ছয় ভোট পেয়ে বিজয়ী হন। জানা গেছে, ফরহাদ হোসেন চৌধুরীর নির্বাচিত হওয়ার খবর শুনে মোস্তফা কামালের লোকজন প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের শিক্ষক মিলনায়তনে অবরুদ্ধ করে রাখে। পরে ফরহাদ হোসেন চৌধুরীর পক্ষের লোকজন বিদ্যালয় প্রাঙ্গণে এসে মোস্তফা কামালের লোকজনের ওপর হামলা চালায়। এতে মোস্তফা কামালের পক্ষের মো. জহিরুল ইসলাম, মো. সোহাগ হোসেন ও মো. মুরাদ হোসেন আহত হন।খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আ. মান্নান ও আ. বাতেন ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিক্ষকদের উদ্ধার করে হাজীগঞ্জ বাজারে নিয়ে আসেন। মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, ‘প্রধান শিক্ষক চৌধুরী পরিবারের সঙ্গে আঁতাত করে ফরহাদ চৌধুরীকে বিজয়ী করেছেন। আমি এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’ মো. ফরহাদ হোসেন চৌধুরী বলেন, ভোট প্রক্রিয়ায় কোন অনিয়ম হয়নি। গতকাল বুধবার প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা বিদ্যালয়ে যাননি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুনীল দাস জানান, প্রধান শিক্ষক সাহেব বিদ্যালয় বন্ধ রেখেছেন। পাশের টঙ্গীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন জানান, সকালে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে শিক্ষকদের না পেয়ে চলে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।