পরিচালনা পর্ষদের সদস্যকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসির ফরম পূরণে হস্তক্ষেপ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ তুলে কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের এক অভিভাবক সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার তারা এই কর্মসূচি পালন করে।
এই ঘটনার প্রতিবাদে শিক্ষকেরা গতকাল কোনো ক্লাস নেননি এবং শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। গতকাল এসব কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা ওই অভিভাবক সদস্যকে পরিচালনা পর্ষদ থেকে বহিষ্কার করার দাবি জানায়।
ওই ঘটনাকে কেন্দ্র করে কলেজে গতকাল কোনো ক্লাস হয়নি। বিষয়টি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাংসদ অধ্যাপক নুরুল ইসলামকে (মিলন) লিখিত আকারে জানানো হবে বলে অধ্যক্ষ আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।
অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম দাবি করেন, গত ১৭ ডিসেম্বর থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। গত মঙ্গলবার ফরম পূরণ শেষ হয়। ফরম পূরণে অন্তত ৩০ জন শিক্ষার্থীর কাছ থেকে নির্ধারিত ফির থেকে কম টাকা নেওয়ার জন্য চাপ দেন পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মফিজুল ইসলাম। এতে কলেজ অধ্যক্ষ ও ফরম পূরণ কমিটি অপারগতা প্রকাশ করে। এ ঘটনার জেরে গত মঙ্গলবার বেলা তিনটায় তিনি (মফিজুল) কলেজে ঢুকে শিক্ষক ও শিক্ষার্থীদের গালাগাল করেন।
অধ্যক্ষ বলেন, ওই ঘটনার প্রতিবাদে গতকাল কলেজের শিক্ষকেরা কোনো ক্লাস নেননি। শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করে। একপর্যায়ে বেলা ১১টায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থীরা ওই সদস্যকে কলেজ পরিচালনা পর্ষদ থেকে বহিষ্কারের দাবি জানায়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে।
অভিযোগ প্রসঙ্গে মফিজুল ইসলাম বলেন, ‘তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য ও ভিত্তিহীন।