বাগেরহাটের তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি পদে মনোনয়ন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। স্থানীয় সাংসদ পাঁচ দিনের ব্যবধানে দুই ব্যক্তিকে সভাপতি পদে মনোনয়ন দেওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়েছে।
তালিকা দুটির শেষেরটি দেওয়া হয়েছে যশোর শিক্ষা বোর্ডের নির্ধারিত সময়ের তিন দিন পর। এ অবস্থায় শিক্ষা বোর্ড ওই পদে গতকাল মঙ্গলবার পর্যন্ত কাউকে মনোনয়ন দেয়নি।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর সূত্র জানায়, বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সাংসদ মো. মোজাম্মেল হোসেন। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ড ২০ আগস্ট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সভাপতি পদে সাংসদদের মনোনয়ন বাতিল করে চিঠি দেয়। বোর্ডের কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাস সই করা চিঠিতে বলা হয়, সভাপতির ওই শূন্যপদ পূরণের লক্ষ্যে ২৫ আগস্টের মধ্যে তিনজনের নাম বোর্ডে পাঠানোর অনুরোধ করা হলো।
২১ আগস্ট সাংসদ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি পদে ফরিদ খান মিন্টুকে মনোনয়নের জন্য তালিকায় ১ নম্বরে তাঁর নাম সুপারিশ করে অধ্যক্ষের কাছে চিঠি দেন। অধ্যক্ষ ২৩ আগস্ট ফরিদ খানের নাম তালিকায় ১ নম্বরে দিয়ে যশোর বোর্ডে অনুমোদনের জন্য পাঠান। পরে সাংসদ আবার সভাপতি পদে মো. মেজবাহ উদ্দিনকে মনোনয়নের জন্য সুপারিশ করেন। ওই দিন মো. মেজবাহ উদ্দিনের নাম তালিকায় ১ নম্বরে দিয়ে অধ্যক্ষ যশোর বোর্ডে চিঠি দেন। ২৮ আগস্ট তালিকাটি শিক্ষা বোর্ডে জমা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মতিয়ার রহমান বলেন, ‘এমপি (সাংসদ) সাহেব ফরিদ খানকে সভাপতি পদে মনোনয়নের জন্য সুপারিশ করেছেন। এটাই আমরা জানি। এখন আপনার কাছ থেকে জানলাম ফরিদ খানের নাম বাদ দিয়ে মেজবাহ উদ্দিনকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা পরিচালনা পর্ষদের কেউ বিষয়টি জানি না। এটা করা হলে এমপি সাহেব ঠিক করেননি।’
তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশাররফ হোসাইন মুঠোফোনে বলেন, ‘ফরিদ খানকে আগে ও মেজবাহ উদ্দিনকে পরে সভাপতি পদে মনোনয়নের সুপারিশ করেন এমপি সাহেব। আমরা দুটি সুপারিশপত্রসহ তালিকা বোর্ডে জমা দিয়েছি।’
যশোর বোর্ডের কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাস বলেন, ‘তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি পদে মনোনয়নের জন্য আমরা দুটি তালিকা পেয়েছি। এমপি সাহেব মোবাইল ফোনে পরের তালিকা থেকে সভাপতি পদে মনোনয়নের জন্য বলেছেন। আমরা সেভাবেই মনোনয়নের জন্য প্রক্রিয়া শুরু করেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২৫ আগস্ট তালিকা জমা দেওয়ার সর্বশেষ তারিখ নির্ধারিত থাকলেও পরে জমা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।’
সাংসদ মোজাম্মেল হোসেন প্রথমে ফরিদ খান ও পরে মেজবাহের নাম সভাপতি পদে সুপারিশের কথা স্বীকার করেছেন। তবে এ ব্যাপারে তিনি আর কোনো কথা না বলে মুঠোফোন সংযোগ কেটে দেন। পরে তিনি আর ফোন ধরেননি।