পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত নগরের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ চান চট্টগ্রাম শহর হবে জলাবদ্ধতামুক্ত। কারও দাবি, যানজট নিরসনে সম্প্রসারণ করা হোক সড়ক। আবার একজনের স্বপ্ন, তাঁর শহর হবে পরিচ্ছন্ন।
এভাবে চট্টগ্রাম শহর নিয়ে নিজেদের ভাবনা ও ইচ্ছার কথা জানিয়েছেন তরুণেরা। গতকাল মঙ্গলবার সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউটে ‘আমাদের শহর আমার ভাবনা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে দৃষ্টি চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব চিটাগাং।
সংলাপধর্মী এ অনুষ্ঠানে আলোচক ছিলেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি এস এম আবু তৈয়ব, স্থপতি আশিক ইমরান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও চট্টগ্রামের স্থানীয় দৈনিক আজাদী পত্রিকার পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালিক। স্বাগত বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সাংসদ ওয়াসিকা আয়েশা খানম বলেন, ‘নগরপিতা কোনো সুপারম্যান নন। চট্টগ্রামের উন্নয়নে তাঁর একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তাই চট্টগ্রামকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে তাঁকে সহযোগিতা করতে হবে।’ অনুষ্ঠানে উপস্থাপন করা তরুণদের ভাবনাগুলো নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে জুনাইদ কৌশিক নামের এক তরুণ বলেন, চট্টগ্রামে জনসংখ্যার তুলনায় সড়ক সম্প্রসারণ ও নতুন সড়ক তৈরি করা হয়নি। নতুন মেয়রকে জলাবদ্ধতা নিরসনে কাজ করতে হবে। আর বিপ্লবী মাস্টারদা সূর্য সেন ও তাঁর সহযোগীদের স্মরণে নতুন জাদুঘর নির্মাণ করতে হবে। নতুন নগরপিতা নগরসেবক হিসেবে কাজ করবেন।
নিশাত ফারজানা নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলেন, ‘চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অবাধে বিক্রি হচ্ছে মাদকদ্রব্য। এতে তরুণেরা নেশায় আসক্ত হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এখন ময়লা-আবর্জনার গন্ধে হাঁটা যায় না। আমি চাই, আমাদের চট্টগ্রাম হবে পরিষ্কার-পরিচ্ছন্ন নগর।’
বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্কের (বি-স্ক্যান) নির্বাহী পরিচালক সাবরিনা সুলতানা, সিটি করপোরেশনের প্রতিটি পরিকল্পনায় প্রতিবন্ধীদের জন্য আলাদা বাজেট রাখতে হবে। নগরের ভবনগুলোতে তাঁদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, আগের তুলনায় সিটি করপোরেশনের কাজের ব্যাপ্তি অনেক বেড়েছে। নতুন মেয়রকে এ ব্যাপারে নজর দিতে হবে। নগরের জলাবদ্ধতার জন্য নগরবাসীও কম দায়ী নয়। খাল ও নালা-নর্দমাগুলো স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখল করে ফেলেছেন। সিটি করপোরেশন তা দখলমুক্ত করতে ব্যর্থ হয়েছে।