
পরিচ্ছন্ন, সবুজ, আলোকিত ও মানবিক ঢাকা গড়ে তোলার লক্ষ্য ঠিক করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক।
গতকাল শনিবার খিলক্ষেতে নিজের মালিকানাধীন ‘জাদু টিভি’র কার্যালয়ে আনিসুল হক এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে আনিসুল হক বলেন, এই শহরের প্রতিটি সমস্যা ও এর সম্ভাব্য সমাধান সম্পর্কে তিনি সচেতন। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি সমাধানেরও পরিকল্পনা করে রেখেছেন তিনি। নির্বাচিত হলে পাঁচ বছরের মধ্যে ঢাকা উত্তর নির্দিষ্ট একটি বৈশিষ্ট্য নিয়ে নাগরিকদের সামনে দৃশ্যমান হবে।
ইশতেহারে আনিসুল হক ঢাকার গণপরিবহন, পরিবেশ, স্বাস্থ্যব্যবস্থা ও বর্জ্যব্যবস্থাপনা নিয়ে করা নানা গবেষণা-সমীক্ষার তথ্য-উপাত্ত উল্লেখ করেন। ‘এবার সমাধানযাত্রা’ শিরোনামে কী কী করতে চান এরও বিশদ বর্ণনা দেন।
আনিসুল হকের কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনি সরাসরি রাজনীতি করেননি। কিন্তু নগর ভবন সব সময় রাজনীতিকদের কবজায় থাকে। এটা কি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, নাকি বিজিএমইএ ভবনের মতো নগর ভবন নগরবাসীর জন্য বিষফোড়া হয়ে দাঁড়াবে?
জবাবে আনিসুল হক বলেন, এসব ইনস্টিটিউশনে যখন যে সরকার আসে, তারই প্রভাব থাকে। সরকারই টাকা দেয়, প্রকল্প অনুমোদন করে। তাই প্রভাব তো একটু থাকবেই। প্রশ্ন হচ্ছে, কোন মানুষটাকে নির্বাচিত করা হচ্ছে।
আনিসুল হক আরও বলেন, ‘২৯ তারিখ সকাল থেকে মেয়রের প্রয়োজন পড়বে, যিনি আপনাদের সমস্যা চিহ্নিত করে কাজ করবেন। রাজনীতি কিন্তু পরের দিন সকালে বদলে যাবে না। সহজ কথায় বলি, সরকারের প্রচ্ছন্ন সমর্থনে যারা নির্বাচিত হয়, সে যদি যোগ্য হয়, তাহলে তার কাজ করার সুবিধাটা বেশি। রাজনীতি তো রাজনীতির মতোই চলবে। কিন্তু আমাদের তো ঢাকাকে বদলাতে হবে।’
সিটি করপোরেশনে দুর্নীতি ও পেশিশক্তির প্রভাব নিয়ে আনিসুল হক বলেন, এত দিনে তাঁর যে সুনাম অর্জিত হয়েছে, তা সহজে শেষ হতে দেবেন না। তিনি বলেন, ‘নির্বাচিত হলে সিটি করপোরেশনের সব সেবা পর্যায়ক্রমে হবে দুর্নীতিমুক্ত। নাগরিকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে পেশিশক্তি, মাস্তানি ও অনৈতিক প্রভাববলয় থেকে মুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’ ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ফারুক খান, ব্যবসায়ী সালমান এফ রহমান, সাংসদ আসলামুল হক ও তারানা হালিম, বিজিএমইএ নেতা শফিউল ইসলাম মহিউদ্দীন, আনিসুল হকের স্ত্রী রুবানা হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আব্দুন নূর তুষার।
পাঁচ লাখ গাছে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে: আনিসুল হক নির্বাচনী ইশতেহারে সব সমস্যা সমাধানের কথা বললেও সবকিছু তাঁর যে নিয়ন্ত্রণে নেই, সেটাও স্বীকার করেন। তিনি বলেন, আইনে ২৮ ধরনের কাজ নির্দিষ্ট করে দিলেও মেয়রের আইনি কর্তৃত্বের অভাব আছে। সরকারের ৫৬টি সংস্থার ওপর নির্ভর করতে হয়। সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি তাঁর ব্যক্তিত্ব, নেতৃত্ব, পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে পাঁচ বছরে অনেক সমস্যার সমাধান করতে পারবেন।
একটি উদাহরণ দিয়ে আনিসুল হক বলেন, ঢাকার বাইরের চেয়ে ঢাকার তাপমাত্রা ৫ ডিগ্রি বেশি। তিনি গবেষকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন, পাঁচ লাখ গাছ লাগালে ভারসাম্য চলে আসবে। আর গাছ লাগালে বিদ্যুতের ব্যবহারও ১০ শতাংশ কমে যাবে। এত বড় সমস্যার সহজেই সমাধান করা যায়।
বিজিএমইএ ভবন উত্তরে নয়, দক্ষিণে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দুঃখ করে বলেছেন, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন একটা বিষফোড়া। নির্বাচিত হলে এই বিষফোড়া নিয়ে কী করবেন-সাংবাদিকেরা জানতে চাইলে বিজিএমইএর সাবেক এই সভাপতি প্রথমে কিছু বলতে চাননি। পরক্ষণে অবশ্য তিনি বলেন, ‘প্রথম কথা হলো এই ভবনটি উত্তর সিটি করপোরেশন এলাকায় না, দক্ষিণে পড়েছে। দ্বিতীয়ত এটা নিয়ে মামলা চলছে। এই অবস্থায় আমি কথা বলতে চাই না।’