পরিচ্ছন্ন ঢাকা গড়তে সহযোগিতা চাইলেন দুই মেয়র
রাজধানী ঢাকাকে একটা পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যেক নাগরিকের সহযোগিতা চাইলেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়ররা। তাঁরা বলেছেন, প্রায় দুই কোটি মানুষের এই শহরকে পরিচ্ছন্ন রাখতে কেবল দুই সিটি করপোরেশনের কার্যক্রম যথেষ্ট নয়। এ জন্য উদ্যোগী হয়ে নিজের বাসস্থানের মতো প্রত্যেকের কর্মস্থল ও আশপাশের জায়গা পরিচ্ছন্ন রাখতে হবে।
গতকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) উদ্যোগে ‘কিপ ইউর সিটি ক্লিন’ শীর্ষক এক পরিচ্ছন্নতা কার্যক্রমে তাঁরা এসব কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর দুই যুগ পূর্তি উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এনএসইউ এই কার্যক্রমের আয়োজন করে। এতে দুই মেয়রসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক তাঁর বক্তব্যে বলেন, শহর পরিষ্কার করতে হলে আগে নিজের মনকে পরিষ্কার করতে হবে। তারপর সেই আলো ছড়িয়ে দিতে হবে রাস্তায়। শিক্ষার্থীদের অংশগ্রহণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আজকের এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচ্ছন্নতা আন্দোলনের একটি নতুন পথ তৈরি করল।
দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমাদের প্রত্যেকের ঘরের মতো করে নিজের শহরটাকেও পরিচ্ছন্ন রাখতে হবে। এ জন্য শুধু সিটি করপোরেশনের কার্যক্রম কিংবা জনবল যথেষ্ট নয়। আমরা এই শহরের প্রত্যেক নাগরিককে এক একজন মেয়র হিসেবে দেখতে চাই।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ কাসেম পরিচ্ছন্ন ঢাকা গড়ার কাজে দুই সিটি করপোরেশনকে তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ গৌর গোবিন্দ গোস্বামী।
দুই যুগ পূর্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া নয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির গতকালই ছিল শেষ দিন। এদিন সকালে পরিচ্ছন্নতা কার্যক্রমের পর সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে শেষ হয় সব আয়োজন।