পরিচ্ছন্ন ঢাকার অঙ্গীকার দিয়ে পলিথিনে মোড়ানো পোস্টার!

রাজধানীর বিভিন্ন অলিগলি আজ রোববার ফাঁকা ফাঁকা ছিল। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও কাউন্সিলর (সংরক্ষিতসহ) প্রার্থীরা তাঁদের প্রতীকসহ পোস্টার দড়িতে ঝুলিয়ে রেখেছিলেন। এতে করে বেশ একটা ‘বিয়ে বাড়ি বিয়ে বাড়ি’ ভাব ছিল।
তবে গতকাল শনিবার রাতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিতে পোস্টারগুলো ছিঁড়ে গেছে। বেশির ভাগ এলাকায় এখন শুধু দড়ি ঝুলছে। রাজধানীর বেশ কিছু এলাকায় কিছু প্রার্থীর (মেয়র ও কাউন্সিলর) পোস্টারগুলো আজকেও বাতাসে পতপত করে উড়েছে। কেননা সেই পোস্টারগুলো পলিথিনে মোড়ানো।
‘রোমান্টিক বৃষ্টি’ প্রার্থীদের কাছে ‘বেরসিক বৃষ্টিতে’ পরিণত হয়েছে। একেক প্রার্থীর লাখ লাখ পোস্টার ছিঁড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। তবে পলিথিনে মোড়ানো পোস্টারের মালিকের ক্ষতির পরিমাণ কম। শুধু কিছু পোস্টার দড়ি ছিঁড়ে নানান জায়গায় গিয়ে পড়েছে। এ ছাড়া অন্যগুলো দড়ি আঁকড়েই আছে। দড়ি আঁকড়ে থাকা পোস্টারগুলো নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।
তবে অনেকের মনে প্রশ্নও দেখা দিয়েছে। পলিথিনের ঠোঙায় মোড়ানো পোস্টারগুলো কি পরিবেশবান্ধব? পলিথিনগুলো কি জলাবদ্ধতার তৈরি করবে না? আর যে প্রার্থীরা ঢাকাকে ‘বাসযোগ্য ঢাকা’, ‘ক্লিন ঢাকা’, ‘সবুজ ঢাকা’সহ বিভিন্ন ভাবে সাজাতে চাচ্ছেন তাঁরাই বা কীভাবে এটি করছেন? এ ছাড়া নির্বাচনের পরে পলিথিনে মোড়ানো পোস্টারগুলো নিজ দায়িত্বে কতজন অপসারণ করবেন তাও এক প্রশ্ন।
পরিবেশ সংরক্ষণ বিষয়ে আন্দোলনকারীরাও বলছেন, নির্বাচনী প্রচারে প্রার্থীদের আরও বেশি সচেতন থাকতে হবে। পরিবেশকে হুমকির সম্মুখীন করতে পারে এমন ধরনের কাজ তাঁদের না করাই ভালো।
পলিথিনে মোড়ানো পোস্টার সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধি মালার লঙ্ঘন নয়। ২০১০ সালের আচরণবিধিতে এ সম্পর্কে কিছু বলা নেই। ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের পোস্টার আচরণবিধির লঙ্ঘন করছে না। তবে পরিবেশবান্ধব কি না তা দেখার দায়িত্ব আমার না।’
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশের আইনে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা আছে। যদি নিয়ম থাকতও তাহলেও একজন মেয়র বা কাউন্সিলর প্রার্থীর পলিথিন প্রীতি থাকাটা শোভন হতো? এই প্রার্থীদের অনেকেই ঢাকাকে বাসযোগ্য ঢাকা, পরিষ্কার ঢাকা করাসহ বিভিন্ন অঙ্গীকার করছেন। পলিথিনে মোড়ানো পোস্টার এ ক্ষেত্রে স্ববিরোধিতার সৃষ্টি করছে।’
রাজধানীতে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাস, দক্ষিণের আরেক প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনসহ একাধিকজন এ ধরনের পোস্টার লাগিয়েছেন। তবে পোস্টার নিয়ে কথা বলতে গেলে এক প্রার্থী অন্য কোনো প্রার্থীর কোথায় কোথায় এ ধরনের পোস্টার আছে তা জানিয়ে দিচ্ছিলেন।
বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল তাঁর নির্বাচনী ইশতেহারের মুখবন্ধে অঙ্গীকার করে বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে ঢাকা বাস-অযোগ্য শহরে পরিণত হয়েছে। আমরা এই ঢাকাকে বাসযোগ্য করতে চাই।’

রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় তাবিথ আউয়ালের পলিথিনে মোড়ানো পোস্টারগুলো উত্তরে বলতে গেলে একক রাজত্ব করছে। তবে তাবিথ আউয়াল টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের পর নিজ উদ্যোগেই পোস্টারগুলো সরিয়ে ফেলব। পরে আমার নিজস্ব প্রতিষ্ঠানেই পলিথিন রিসাইক্লিং করা হবে। তাই পরিবেশের ক্ষতির কোনো প্রশ্নই আসে না। অন্য প্রার্থী যাঁরা পলিথিনে মোড়ানো পোস্টার ব্যবহার করছেন তাঁরাও আমার সহযোগিতা চাইলে সহযোগিতা করব।’
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, শুধু পলিথিনে মোড়ানো পোস্টারই নয়, ছাপানো পোস্টারে যে কালি ব্যবহার করা হচ্ছে তা শিসাযুক্ত। এমনিতেই ঢাকার মাটি ও বাতাসে শিসার পরিমাণ বেশি। রাজধানীতে লাখ লাখ পোস্টার বৃষ্টিতে ভিজে তা মাটি ও পানির সঙ্গে মিশছে। পলিথিনে মোড়ানো হলে তা ভয়াবহতার মাত্রা আরও বাড়িয়ে দেবে। উন্নত দেশে এ ধরনের প্রচার দেখা যায় না। তাই নির্বাচনের প্রার্থীদেরও প্রচারে এ বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন।
মেয়র প্রার্থী আনিসুল হক এবং মাহী বি চৌধুরী ঝাড়ু হাতে ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছেন। আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘পলিথিনে মোড়ানো পোস্টার অবশ্যই পরিবেশবান্ধব নয়। আমি এ ধরনের পোস্টার টানাইনি। বৃষ্টির হাত থেকে পোস্টার বাঁচানোর জন্যও যদি কেউ এ ধরনের উদ্যোগ নিয়ে থাকেন তা ঠিক হয়নি।’
মোহাম্মদ সাঈদ খোকন নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর পক্ষের একজন সাঈদ খোকনের মুঠোফোনটি ধরে প্রথম আলোকে বলেন, সাঈদ খোকনের খুব কমসংখ্যক পোস্টার পলিথিনে মোড়ানো।
উত্তরের মেয়র প্রার্থী জোনায়েদ সাকী বলেন, ‘পরিবেশের ক্ষতি করে এ ধরনের কোনো কাজ করব না বলেই বৃষ্টিতে ক্ষতি হবে জেনেও পলিথিনে পোস্টার মোড়াইনি।’
পলিথিনে মোড়ানো পোস্টার লাগানো কে অনেক প্রার্থী ধনী আর গরিবের মধ্যে বৈষম্যমূলক আচরণ হিসেবেও তুলে ধরেন।
উত্তরের মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী বলেন, ‘আচরণবিধিতে এ ধরনের পোস্টার করার বিষয়ে লিখিত নিষেধাজ্ঞা নেই। তবে যেসব প্রার্থীর অর্থ আছে তাঁরাই এটি করতে পেরেছেন। আমি স্বাভাবিক পোস্টার ছাপানোরই পয়সা পাচ্ছি না। পলিথিনে মোড়াতে গেলে তো খরচ আরও অনেক বেড়ে যাবে।’
বৃষ্টিতে পোস্টার ছিঁড়ে যাওয়ায় বেশির ভাগ প্রার্থীই আর নতুন করে পোস্টার ছাপানোর হাঙ্গামায় যাবেন না বলে প্রথম আলোকে জানান।
২০০২ সাল থেকে সরকার পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুত, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। পরিবেশ অধিদপ্তর পলিথিনের ব্যবহার নিয়ে ২০১২ সালের ৩০ এপ্রিল গণবিজ্ঞপ্তি জারি করে। এতে উল্লেখ করা হয়, পলিথিন ব্যাগ বিভিন্ন রূপে ব্যবহৃত হচ্ছে। এটা স্পষ্টত সরকারি আদেশের লঙ্ঘন এবং দণ্ডনীয় অপরাধ।