পরিচ্ছন্ন নগর গড়তে মেয়রকে কঠোর হওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়র আ জ ম নাছির উদ্দীন
মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম নগরকে পরিচ্ছন্ন করতে মেয়রকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। যত্রতত্র ময়লা ফেলা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করারও সুপারিশ করেন তাঁরা। গতকাল সোমবার চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব পরামর্শ দেন।
চট্টগ্রামের মেয়র হিসেবে আ জ ম নাছির উদ্দীনের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। অবশ্য অনুষ্ঠানে চট্টগ্রামের সাবেক মেয়রদের কেউ উপস্থিত ছিলেন না। এ ছাড়া বিশিষ্ট নাগরিকদের অনেককেই এই সুধী সমাবেশে দেখা যায়নি। তবে সিটি করপোরেশনের কর্মকর্তারা দাবি করেছেন, সাবেক মেয়ররাসহ সব বিশিষ্ট নাগরিককেই দাওয়াত দেওয়া হয়েছে।
সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী বলেন, রাতের বেলায় বর্জ্য অপসারণ কার্যক্রম এখন ঝিমিয়ে পড়েছে। আগের মতোই দিনের বেলায় যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এটি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করতে হবে। পরিচ্ছন্ন নগর গড়তে মেয়রকে কঠোর হওয়ার পরামর্শ দেন তিনি।
সুধী সমাবেশে অন্য বক্তারা নগরের জলাবদ্ধতা নিরসনে নগরের খাল, নালা-নর্দমা খনন ও নতুন খাল খননের কাজ দ্রুত করার পরামর্শ দেন মেয়রকে। এ ছাড়া যানজট নিরসন, নগরের ভাঙা রাস্তাঘাট সংস্কারে মেয়রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানের শুরুতে সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
সুধী সমাবেশে দেওয়া বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কারও কাজের মূল্যায়নের জন্য এক বছর যথেষ্ট সময় নয়। তিনি বলেন, ‘নগরের উন্নয়নে তিন বছরের একটি সময়সীমা নির্ধারণ করেছি। এর মধ্যেই সিটি করপোরেশনের প্রতি নগরবাসীর যে অধিকার তা বাস্তবায়ন করব।’ জলাবদ্ধতা সম্পর্কে তিনি বলেন, ‘একই পরিমাণ বৃষ্টিপাতে গত বছর নগরের কিছু এলাকায় জলজট সৃষ্টি হয়েছিল। কিন্তু এ বছর একই পরিমাণ বৃষ্টিপাতে কোথাও জলজট হয়নি। আমরা যে কাজ করছি, তার নমুনা এটি।’
মেয়র বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে বড় আকারের প্রকল্প নিতে হবে। যা বাস্তবায়ন করার সক্ষমতা সিটি করপোরেশনের নেই। পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলামের সঙ্গে আলোচনা করে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প তৈরি করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।
আ জ ম নাছির বলেন, ‘আপনারা আমাকে যেকোনো পরামর্শ দিতে পারবেন। আপনাদের পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করব। অনেকের কাছে আমার ফোন নম্বর আছে, অনেকের কাছে নেই। আমি নম্বর দিয়ে দেব। আমাকে ফোন করে ও এসএমএস (খুদে বার্তা) পাঠিয়ে পরামর্শ দিতে পারবেন। আপনারা যদি সরাসরি আলোচনা করতে চান, তাহলে আমি আপনাদের বাসায়-অফিসে ছুটে যাব।’
বিভিন্ন কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতার কথা উল্লেখ করে মেয়র বলেন, বলাটা অত্যন্ত সহজ। কিন্তু কাজ আদায় করা ও বাস্তবায়ন করা অনেক কঠিন। সিটি করপোরেশনের কাজের পরিধি বেড়েছে। কিন্তু লোকবল নিয়োগ দেওয়ার অধিকার মেয়রের নেই।
সমাবেশে কয়েকজন বক্তা উল্লেখ করেন, ঢাকার দুই মেয়রকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হলেও চট্টগ্রামের মেয়রকে বঞ্চিত করা হয়েছে। এ বিষয়ে আ জ ম নাছির তাঁর বক্তব্যে বলেন, মন্ত্রীর স্ট্যাটাস (পদমর্যাদা) তাঁর কাছে মুখ্য বিষয় নয়। মেয়রের দায়িত্ব পালনে এই স্ট্যাটাস কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেনি, করবেও না। নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী বিশ্বমানের নগর উপহার দিতে পারলে সেটিই তাঁর কাছে বড় স্ট্যাটাস হবে।
সুধী সমাবেশে বক্তব্য দেন সিটি করপোরেশনের তিন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জোবাইরা নার্গিস খান, নিছার উদ্দিন আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসির) উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমেদ, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ, বিজিএমইএর প্রথম সহসভাপতি মঈন উদ্দিন আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, আঞ্চলিক দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর সম্পাদক ওমর ফারুক, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী।
আসেননি সাবেক মেয়ররা: ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন মেয়র মোহাম্মদ মনজুর আলমের সময় সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তবে গতকালের সমাবেশে এ বি এম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ মনজুর আলমসহ সাবেক কোনো মেয়র উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে দেখা যায়নি চট্টগ্রাম নগর থেকে নির্বাচিত সাংসদদেরও।
সুধী সমাবেশে উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশনের এক কর্মকর্তা একটি কার্ড দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের দাওয়াত দেওয়ার বিষয়টি মেয়র কিংবা করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ হয়তো জানতেন না। কেননা, কেউ তো ফোন করেননি।’
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘সংসদ সদস্য ও সাবেক মেয়রদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা কেন আসেননি, তা জানি না।’