পরিচ্ছন্ন বছর ঘোষণাই সার

বেশ ঢাকঢোল পিটিয়ে ২০১৬ সালকে ‘পরিচ্ছন্ন বছর’ ঘোষণা করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)৷ তবে বছর শেষে বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া অধিকাংশ পরিকল্পনাই বাস্তবে রূপ দিতে পারেনি ডিএসসিসি৷ খোদ সিটি করপোরেশনের কর্মকর্তারাই বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনায় তারা ৭৫ শতাংশ ব্যর্থ।
বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন নগর গড়তে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ছাড়াই ২০১৫ সালের ২৩ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা করেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন৷ তিনি বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু, ১০০টি আধুনিক গণশৌচাগার নির্মাণ, অনুমতি ছাড়া ব্যানার–ফেস্টুন লাগানো নিষিদ্ধ, এলইডি বাতি লাগানো, দখলমুক্ত সড়ক নিশ্চিত করা, পরিচ্ছন্নতাবিষয়ক অভিযোগ গ্রহণের জন্য হটলাইন খোলার ঘোষণা দেন। এর মধ্যে শুধু ব্যানার, পোস্টার নিয়ন্ত্রণ ও প্রধান সড়কসহ কয়েকটি এলাকায় এলইডি বাতি লাগাতে সক্ষম হয়েছে ডিএসসিসি।
নগরবিদেরা বলেছেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ছাড়া এমন ঘোষণায় কোনো কাজ হয় না। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘ডিএসসিসি বেশ কিছু বিচ্ছিন্ন উদ্যোগ নিয়েছে৷ সঠিক কর্মপরিকল্পনা না থাকায় পরিচ্ছন্ন বছর ২০১৬ মূল্যায়ন করা যাচ্ছে না৷ এ ধরনের কাজ হাতে নেওয়ার আগে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে৷ নাগরিকদের সচেতন করতে হবে৷ তারপর কেউ নির্দিষ্ট সময় ও স্থানে ময়লা না ফেললে শাস্তি বা জরিমানার বিধান করতে হবে৷’
ডিএসসিসি সূত্রে জানা যায়, বাসাবাড়ি থেকে আনা ময়লা অস্থায়ীভাবে রাখার জন্য বিভিন্ন এলাকায় ২৬টি অস্থায়ী ময়লা রাখার ঘর বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের কথা ছিল। ডিএসসিসি নির্মাণ করতে পেরেছে একটি এসটিএস৷ আর আটটির নির্মাণকাজ চলছে৷
সম্প্রতি আজিমপুর, বঙ্গবাজার, চকবাজার, শাহবাগ, পল্টন, গুলিস্তান, দয়াগঞ্জ, সদরঘাট, বাহাদুরশাহ পার্ক ও যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এসটিএস না থাকায় সড়কের ওপরেই রাখা হয়েছে ময়লার কনটেইনার৷ বাসাবাড়ির সংগ্রহ করা বর্জ্য এসব কনটেইনারে ফেলা হচ্ছে। পরিচ্ছন্নতাকর্মী এই বর্জ্য ঘাঁটাঘাঁটি করায় তা সড়কে ছড়িয়ে পড়ছে। বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। পথচারীরা নাক চেপে হাঁটছেন৷
পুরান ঢাকার কলতাবাজারের স্থানীয় বাসিন্দা মো. কামরুল বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা সকাল ১০টার পর থেকে ময়লা সংগ্রহ করছেন৷ ময়লা সড়কে রাখা কনটেইনারে ফেলা হয়৷ এতে দুর্গন্ধের সৃষ্টি হয়৷ নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির একাধিক কর্মকর্তা বলেন, ডিএসসিসির ঘোষণা অনুযায়ী দিনে উৎপাদিত বর্জ্য সন্ধ্যা সাতটার পর বাসাবাড়ি ও কলকারখানা থেকে সংগ্রহ করার কথা। কিন্তু বাস্তবে তা হয় না। সারা দিনই সড়কে রাখা কনটেইনারে ময়লা ফেলা হয়। পরিচ্ছন্নতাকর্মী সব ময়লা ঘাঁটাঘাঁটি করে প্লাস্টিকের পণ্য সংগ্রহ করেন। এতে বাতাসে দুর্গন্ধ বেশি ছড়ায়। ঢাকা শহরের সব এলাকায় একই চিত্র৷
অন্যদিকে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন এলাকার সড়কের পাশে ৫ হাজার ৬৭০টি ময়লার পাত্র (ওয়েস্ট বিন) স্থাপন করেছে ডিএসসিসি। ডিএসসিসির এই উদ্যোগে জনগণ তেমন সাড়া দেয়নি। এর মধ্যে তিন শতাধিক ওয়েস্ট বিন চুরি হয়ে গেছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাতে থাকা এসব ওয়েস্ট বিন তেমনটা ব্যবহার করছে না পথচারীরা। অধিকাংশ ওয়েস্ট বিন খালি। এর নিচে ও আশপাশে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। এ ছাড়া কিছু ওয়েস্ট বিনে কয়েক দিনের পুরোনো বর্জ্য স্তূপ হয়ে রয়েছে। বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব এলাকায় প্রায় ২০টি স্থানে ওয়েস্ট বিনের বক্স দেখা যায়নি। ভাঙাচোরা অবস্থায় ১৫ থেকে ২০টি ওয়েস্ট বিন সড়কে পড়ে রয়েছে।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এমকে বখতিয়ার বলেন, সঠিক সময়ে বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। ভেঙে যাওয়া ওয়েস্ট বিনগুলো সংস্কার করা হচ্ছে। এ ছাড়া যে ওয়েস্ট বিনগুলো চুরি হয়ে গেছে, সেখানে নতুন করে লাগানো হচ্ছে।
এদিকে ডিএসসিসির গণশৌচাগারের অধিকাংশই ব্যবহার অনুপযোগী। গত এক বছরে বেসরকারি সংস্থা ওয়াটারএইডের সহায়তায় মাত্র আটটি আধুনিক গণশৌচাগার নির্মাণ করতে সক্ষম হয় সংস্থাটি।
গত ১ জানুয়ারি অনুমতি ছাড়া সরকারি-বেসরকারি বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন নিষিদ্ধ করেছে ডিএসসিসি। এরপর ঝুঁকিপূর্ণসহ সব বিলবোর্ড অপসারণ করা হয়৷ বিকল্প হিসেবে শাহবাগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে ডিজিটাল বিলবোর্ড নির্মাণ করা হয়৷ বর্তমানে ডিএসসিসির এলাকাগুলোতে বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন নেই বললেই চলে। তবে বিজয় দিবসের কিছু ব্যানার শাহবাগসহ শহরের বিভিন্ন সড়কে দেখা গেছে। এ ছাড়া পরিচ্ছন্নতাবিষয়ক অভিযোগ গ্রহণের জন্য একটি হটলাইন খোলার কথা থাকলেও গত এক বছরে কোনো নির্দিষ্ট নম্বর জনগণকে জানায়নি ডিএসসিসি কর্তৃপক্ষ৷
এ ছাড়া গুলিস্তানে প্রায় ১৫ বার এবং নিউমার্কেট, নীলক্ষেত, পলাশী, আজিমপুর, পল্টন, বাবুবাজার, ধোলাইখাল, ইংলিশ রোড এলাকায় অবৈধ স্থাপনা ও ফুটপাতমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএসসি। তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। পরিবেশ আবার আগের অবস্থায় ফিরে গেছে।
সার্বিক বিষয়ে মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, পরিচ্ছন্ন বছর সফল করতে পরিচ্ছন্নতাকর্মীদের ডিজিটাল হাজিরা ব্যবস্থা করা হয়েছে। শহরের সব বিলবোর্ড, ব্যানার, পোস্টার অপসারণ করা হয়েছে। আবর্জনার কনটেইনার ঘেরা করার ব্যবস্থা করা হয়। এ ছাড়া ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে ১০০টি করে ওয়েস্ট বিন বসানো হয়েছে৷ নির্দিষ্ট সময়ের আগেই এবার কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে ডিএসসিসি।