পরিচ্ছন্নতা অনুষ্ঠানস্থলের পাশেই ময়লার স্তূপ

মিরপুর ১০ নম্বর গোলচক্করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অঞ্চল-৪ এর কার্যালয়। সামনেই ফুটপাতে স্তূপ করে রাখা হয়েছে নর্দমা থেকে তোলা ময়লা, আবর্জনা ও মাটি। তাই সেখানকার ফুটপাত দিয়ে একজন মানুষের হেঁটে যাওয়া কঠিন। এসব ময়লা তুলেছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা-কর্মীরা। তোলা মাত্রই তা সরিয়ে ফেলার কথা। অথচ সেই ময়লা শুকিয়ে গেছে অনেকটা। যা দেখে আন্দাজ করা কঠিন নয় যে ময়লাগুলো তোলা হয়েছে বেশ কয়েক দিন আগে।
এরই মধ্যে আজ শনিবার সেই কার্যালয়েই ছিল ডিএনসিসি আয়োজিত সাত দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্ন কর্মসূচির সমাপ্তি ঘোষণা অনুষ্ঠান।
পরিচ্ছন্নতা-বিষয়ক এই অনুষ্ঠানস্থলের অদূরে আবর্জনা জমে থাকার বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হলে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল হাসনাত বলেন, এই কার্যালয়ের সামনের ফুটপাত দীর্ঘ দিন ধরে দখল হয়ে ছিল। তাদের ফেলা ময়লা, আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে গিয়েছিল। বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে সেই ড্রেন পরিষ্কার করা হয়েছে। কিন্তু যানবাহনের স্বল্পতার কারণে ময়লাগুলো সময়মতো সরানো যায়নি।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা বলেন, ঢাকা উত্তরে ৯০ লাখ লোকের বসবাস। প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য তৈরি হয়। সিটি করপোরেশনের সাড়ে তিন হাজার কর্মীর পক্ষে এই বর্জ্য সময়মতো অপসারণ করা কষ্টসাধ্য। তাই ময়লা আবর্জনা ফেলার ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, বিএনসিসি সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যদের অংশ গ্রহণের গত ১৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করে ডিএনসিসি।
উত্তরের মেয়র আনিসুল হক বলেন, ১৪ ফেব্রুয়ারি শুরু হলেও সবার মধ্যে সমন্বয় করে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করতে ২-৩ দিন দেরি হয়েছে। তাই আরও তিন দিন এই কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তারা, কাউন্সিলররা ও বিএনসিসির সদস্যরা উপস্থিত ছিলেন।