পরিচ্ছন্নতা অভিযানে পুলিশের বাধা
খাগড়াছড়িতে শহর পরিচ্ছন্নতার অভিযানে সেনাবাহিনী ও পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম। গতকাল রোববার বিকেলে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুব ফোরামের জেলা শাখার আহ্বায়ক জিকো ত্রিপুরা অভিযোগ করেন, সংগঠনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঐতিহ্যবাহী বৈসাবি (বৈসু, সাংগ্রাই, বিজু) উৎসব উপলক্ষে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি নেওয়া হয়। শহর পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে গতকাল সকালে সংগঠনের নেতা-কর্মীরা মধুপুর এলাকায় যায়। পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধনের আগে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বাধা দেয়। এ সময় হ্যান্ডমাইক ও ব্যানার কেড়ে নেওয়া হয়। পরে নেতা-কর্মীদের এলাকা ত্যাগ করতে বাধ্য করা হয়।
অভিযোগের বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসু উদ্দিন ভূঁইয়া জানান, পূর্বানুমতি ছাড়া নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়ে সমাবেশ শুরু করায় তাঁদের বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পৌরসভার। তারা কী উদ্দেশ্যে এই কাজটি করছে? আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় তাদের বাধা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সেনাবাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।