
কারও হাতে ঝাড়ু, কারও হাতে পানির বালতি, কারও হাতে ঘর মোছার সরঞ্জাম। ধুয়ে-মুছে সাফ করছে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দাসহ বিভিন্ন ওয়ার্ডের মেঝে। তবে তাদের বেশভূষা মোটেও পরিচ্ছন্নতা কর্মীদের মতো নয়। তারা সবাই চিটাগং সানশাইন কলেজের শিক্ষার্থী।
গতকাল শনিবার বেলা ১১টা থেকে দেড় ঘণ্টা ধরে কলেজের ৫০ জন ছাত্রছাত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ও বারান্দা পরিষ্কারের কাজে অংশ নেয়। সেবাধর্মী এই কাজে নিজেদের যুক্ত করতে এবং লোকজনকে সচেতন করতেই ব্যতিক্রমী এই উদ্যোগ তাদের। আর এ উদ্যোগের নেতৃত্বে ছিলেন কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান।
উচ্চবিত্ত কিংবা উচ্চমধ্যবিত্ত পরিবারের এসব শিক্ষার্থীর অনেকেই এর আগে কখনো ঝাড়ু হাতে নেয়নি। কিন্তু হাসপাতালের মেঝে পরিষ্কার করতে তাদের উৎসাহের কোনো কমতি ছিল না। এই কাজ করতে পেরে তারা আনন্দিত। পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি শিক্ষার্থীরা ক্যানসারে আক্রান্ত ছোট শিশুদের সঙ্গেও সময় কাটায়।
হাসপাতালের ওসিসি বিভাগের সামনের বারান্দায় ঝাড়ু দিচ্ছিল আফরিন ফার্নান্দেজ। আফরিন জানায়, তার ভাষায়, ‘বাসায় মাঝেমধ্যে কাজ করি। তবে এখানে রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে ভালো লাগছে।’
কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান বলেন, ‘পাঁচ বছর ধরে আমি আমার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই হাসপাতালে মাঝেমধ্যে পরিচ্ছন্নতা অভিযান চালাই। এতে করে শিক্ষার্থীরা দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে শিখবে। কোনো
কাজই ছোট নয়। সব কাজই নিজের। আর তাদের দেখে রোগী কিংবা তাঁদের স্বজনেরাও ময়লা আবর্জনা ফেলতে সতর্ক হবেন, এই বিশ্বাস থেকেই আমরা এটি করি।’
গতকাল শিক্ষার্থীদের কয়েকজন প্রথমে হৃদ্রোগ বিভাগে পরিচ্ছন্নতায় অংশ নেয়। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি উপস্থিত ছিলেন। এরপর শিক্ষার্থীদের কয়েকজন দোতলায় শিশু স্বাস্থ্য বিভাগ, ওসিসি বিভাগের সামনের বারান্দা ও প্রসূতি বিভাগে পরিচ্ছন্নতায় অংশ নেয়। এ সময় তারা বিভিন্ন রোগীকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেয়।
শিক্ষার্থী বেরাহান উদ্দিন খান বলে, ‘হাসপাতালের পরিচ্ছন্নতা কাজে অংশ নিতে পারে আমার নিজেরই ভালো লাগছে। মনে হচ্ছে রোগীদের জন্য কিছু একটা করতে পারছি।’ বেরাহানের মতো একই ধরনের অনুভূতির কথা জানাল শিক্ষার্থী হোসাইন মো. জোবায়ের, সাদিয়া আর উৎসব চক্রবর্ত্তীরও।
হাসপাতালের সহযোগী অধ্যাপক রেজাউল করিম বলেন, পরিচ্ছন্নতা অভিযান হাসপাতালের জন্য খুব দরকার। এতে করে যাঁরা নিয়মিত পরিচ্ছন্নতার দায়িত্বে রয়েছেন তাঁদের মধ্যে একটা বোধ তৈরি হবে। এই কাজ ঠিকমতো করা হচ্ছে না বলেই শিক্ষার্থীরা এসে পরিষ্কার করছে। সেই সঙ্গে রোগী এবং তাঁদের স্বজনেরাও যেখানে-সেখানে আবর্জনা ফেলার ক্ষেত্রে সচেতন হবেন।