পরিচ্ছন্নতাকর্মীদের ফাঁকি ধরবে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম
বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মীদের কাজকর্ম দেখতে এবং ফাঁকি ধরতে ‘ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম’ চালু করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বুধবার সকালে নগর ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদ্ধতির উদ্বোধন হয়। গ্রামীণফোনের সহযোগিতায় এ ডিজিটাল পদ্ধতি চালু হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ বাস্তবায়ন, মেয়রের আধুনিক নগর গড়া এবং পরিচ্ছন্ন বছর ২০১৬ ঘোষণার অংশ হিসেবে পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরা-সংক্রান্ত স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত |করতে ‘হাজিরা অটোমেশন ও লোকেশন’ জানতে ডিজিটাল পদ্ধতি চালু হচ্ছে।
অনুষ্ঠানে বলা হয়, ডিএসসিসির অধীনে বর্তমানে পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন ৫ হাজার ২১৬ জন। এই পদ্ধতি অনুসরণ করতে সব পরিচ্ছন্নতাকর্মীকে বিনা মূল্যে করপোরেট সিম দেওয়া হবে। তাঁরা নিজেদের মধ্যে ৩০ পয়সা মিনিটে কথা বলতে পারবেন। যাঁদের মুঠোফোন নেই, তাঁদের ৫০ টাকা মাসিক কিস্তিতে দেওয়া হবে। কাজের সময় মুঠোফোন অবশ্যই খোলা রাখতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধক ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ঢাকাকে বসবাসের অনুপযোগী শহর বলা হয়ে থাকে। এর প্রধান কারণ বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা। তিনি বলেন, ‘প্রিয় শহরকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন করতে যতটা কঠোর হতে হয় আমি হব। যিনি কাজ করবেন না, তাঁকে ধরতেই এই সিস্টেম। তবে আমি চাই সব পরিচ্ছন্নতাকর্মীকে পুরস্কৃত করতে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে গতিশীলতা দিয়ে যাচ্ছে। তিনি ডিএসসিসির এই উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের সভাপতি ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, এই পদ্ধতির মাধ্যমে বোঝা যাবে একজন পরিচ্ছন্নতাকর্মী কতটা সময় দিলেন। এই পদ্ধতিতে দায়িত্বে অবহেলা ধরা পড়বে।