পরিচ্ছন্নতাকর্মীর জুতার ভেতরে দেড় কোটি টাকার সোনার বার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একজন পরিচ্ছন্নতাকর্মীর জুতার ভেতর থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল সকাল পৌনে ১১টায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি ০৪৮) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানের পরিচ্ছন্নতাকর্মীরা এই উড়োজাহাজ পরিষ্কার করে ফিরছিলেন। এ সময় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম সন্দেহজনক গতিবিধির কারণে দুই পরিচ্ছন্নতাকর্মী জীবন কুমার ও শুকলালকে ডেকে নেন। তাঁরা ভিন্নপথে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুজনের হাঁটার ধরন অস্বাভাবিক মনে হয়েছিল। এ কারণে তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করি। তারা অস্বীকার করার পর দেহ তল্লাশি করি। এরপর শুকলালের দুই জুতার ভেতর থেকে তিনটি প্যাকেটে ৩০টি সোনার বার পাওয়া যায়।’
বিমানবন্দরে নিয়োজিত শুল্ক বিভাগের সহকারী কমিশনার পারভেজ আল জামান প্রথম আলোকে বলেন, উদ্ধার ৩০টি সোনার বারের ওজন প্রায় সাড়ে তিন কেজি। এ ব্যাপারে আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।