পরিচ্ছন্নতার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গভীর রাতে শমশেরনগর বাজারে পরিচ্ছন্নতা অভিযানে নামেন ক্লিন অ্যান্ড বিউটিফুল–এর কর্মীরা। তাঁদের নেতৃত্বে জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী (মাঝে)। ৮ অাগস্ট তোলা ছবি l প্রথম আলো
গভীর রাতে শমশেরনগর বাজারে পরিচ্ছন্নতা অভিযানে নামেন ক্লিন অ্যান্ড বিউটিফুল–এর কর্মীরা। তাঁদের নেতৃত্বে জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী (মাঝে)। ৮ অাগস্ট তোলা ছবি l প্রথম আলো

রাত নয়টা বাজতেই জনা পঞ্চাশেক তরুণ-যুবা নেমে এলেন শহরের রাস্তায়। ঝাড়ু আর ঝুড়ি হাতে বাজারের ময়লা-আবর্জনা পরিষ্কারে নেমে পড়লেন তাঁরা মহা উৎসাহে। এই পরিচ্ছন্নতা অভিযান চলে রাত তিনটা পর্যন্ত।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে প্রতি মাসেই দেখা যায় এ দৃশ্য। ক্লিন অ্যান্ড বিউটিফুল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাসের শেষ বৃহস্পতিবার এভাবে নেমে আসে শহর পরিষ্কারে। স্বেচ্ছাসেবীদের অধিকাংশই স্কুল-কলেজের তরুণ শিক্ষার্থী। তাঁদের সঙ্গে হাত লাগান এলাকার গণ্যমান্য বয়স্করাও।
মাসে একবার এই বিশেষ নৈশ অভিযানের পাশাপাশি শহর পরিচ্ছন্ন রাখতে সারা মাসই থাকে নানা রকম কার্যক্রম। শহরের বিভিন্ন জায়গায় ডাস্টবিন বসানো হয়েছে সংগঠনের উদ্যোগে। বাজারের দোকানপাট ও মহল্লার বাসাবাড়ির লোকজনকে ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে উৎসাহিত করেন এই স্বেচ্ছাসেবীরা।
শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নজরুল ইসলাম খান বলেন, আগে শমশেরনগর ছিল আবর্জনায় ভরা একটা শহর। এখন অনেক পরিচ্ছন্ন, ফিটফাট।
এই উদ্যোগের শুরুটা সাড়ে তিন বছর আগে। ২০১৩ সালের ১ জানুয়ারি কাকডাকা ভোরে হঠাৎ করেই একদল তরুণ ঝাড়ু হাতে রাস্তায় নেমে অপরিচ্ছন্ন নগর পরিষ্কার করতে শুরু করেছিলেন। তাঁদের নেতৃত্ব দিচ্ছিলেন এলাকার নামকরা এক ব্যক্তিত্ব—জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী। এলাকার লোকজন তো বিস্মিত হয়েছিলই, এই অভিযানের খবর ও ছবি ছড়িয়ে পড়েছিল সারা দেশে। দেখাদেখি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে শুরু হয়েছিল তরুণদের পরিচ্ছন্নতা অভিযান।
এই দৃষ্টান্ত মনে রেখেছিলেন এলাকার আরেক বিশিষ্টজন—কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। ২০১৪ সালে ছুটিতে শমশেরনগরে এসে তিনি তরুণদের নিয়ে গঠন করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন অ্যান্ড বিউটিফুল’।
এই সংগঠন শুরুতেই সড়কের বিভিন্ন স্থান, বিপণিবিতান, শিক্ষাপ্রতিষ্ঠান, বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে ডাস্টবিন স্থাপন করে। লোকজনকে ময়লা জমিয়ে এসব ডাস্টবিনে ফেলতে উৎসাহিত করে। নির্ধারিত সুইপার এসব ডাস্টবিন থেকে আবর্জনা সংগ্রহ করে দূরবর্তী একটি নিরাপদ স্থানে ফেলে।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী আবদুল হান্নান বলেন, মানুষের আচরণগত পরিবর্তন এসেছে। আগে দোকানিরা যেখানে-সেখানে আবর্জনা ফেলতেন। এখন সেটা করতে লজ্জাবোধ করেন। তিনি নিজেও সংগঠনের পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
সংগঠনের সদস্য আইডিয়াল কেজি স্কুলের শিক্ষক সঞ্জয় দাশগুপ্ত বলেন, তিনি ক্লিন অ্যান্ড বিউটিফুল শমশেরনগরের কার্যক্রমে অংশ নেন প্রাণের তাগিদে। সংগঠনটি তাঁদের স্কুলে একটি ডাস্টবিন স্থাপন করায় ছাত্রছাত্রীরা এখন সেখানেই ময়লা ফেলছে।
সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম মুর্শেদুর রহমানও এই সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি বলেন, মানুষের অভ্যাসের পরিবর্তন হচ্ছে। স্থানীয়ভাবে সরকারি খাসজমির ব্যবস্থা করে ময়লা-আবর্জনা ফেলার নির্ধারিত স্থান করার চেষ্টা চলছে। তা ছাড়া বেতনভোগী লোক নিয়োগ করে পরিচ্ছন্নতা তদারকিরও চিন্তাভাবনা করছে সংগঠনটি।
এই সংগঠনের বীজ যিনি বপন করেছিলেন, সেই ড. আবেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ভারতের নির্বাচনে জয়লাভ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিচ্ছন্ন ভারত প্রতিষ্ঠার অভিযানে নেমেছিলেন। শমশেরনগরে এ কার্যক্রম শুরু হয়েছে বলে বাংলাদেশি হিসেবে তিনি গর্বিত।
কারা মহাপরিদর্শক জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন প্রথম আলোকে বলেন, তরুণেরা প্রতি মাসে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন উৎসবের মতো। ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী-চাকরিজীবী সবাই একাকার হয়ে কাজ করছেন।