পরিচ্ছন্নতার ফেরিওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাইকেল নিয়ে ক্যা​ম্পাসময় ঘুরে বেড়ান গ্রিন ওয়াচম্যান। কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখলেই তা তুলে নেন সাইকেলে ঝোলানো ময়লা রাখার পাত্রে l ছবি: প্রথম আলো
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাইকেল নিয়ে ক্যা​ম্পাসময় ঘুরে বেড়ান গ্রিন ওয়াচম্যান। কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখলেই তা তুলে নেন সাইকেলে ঝোলানো ময়লা রাখার পাত্রে l ছবি: প্রথম আলো

দ্বিচক্রযানটির পেছনের চাকার দুই পাশে প্লাস্টিকের দুটি পাত্র ঝোলানো। সামনে-পেছনে ঝুলছে ছোট্ট দুটি সাইনবোর্ড। তাতে লেখা, ‘আবর্জনা নির্দিষ্ট পাত্রে জমা রাখুন। পরিচ্ছন্ন কুয়েট গড়ে তুলুন’।
বলা হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কথা। সাইকেলটি যিনি চালাচ্ছেন তাঁর গায়ের প্যান্ট-শার্ট এমনকি জুতাও সাদা। শার্টের ওপর জড়ানো সবুজ অ্যাপ্রোন।
সাদা জামা পরা সাইকেলচালক এই মানুষটির নাম দেওয়া হয়েছে ‘গ্রিন ওয়াচম্যান’। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই তাঁর কাজ। তিনি সাইকেল নিয়ে ক্যাম্পাস ঘুরে বেড়ান। ময়লা দেখলেই তা তুলে সাইকেলে ঝোলানো ময়লা ফেলার পাত্রে রাখেন। পরে সেই ময়লা নিয়ে ফেলেন স্থায়ী ডাস্টবিনে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট l প্রথম আলো
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট l প্রথম আলো

গ্রিন ওয়াচম্যানের দায়িত্বটি যিনি পালন করছেন নাম তাঁর আল আমিন হোসেন। রোজ সকাল আটটায় ক্যাম্পাসে সাইকেল নিয়ে বের হন তিনি। ঘোরাঘুরি করেন বিকেল চারটা পর্যন্ত। কোথাও ময়লা বা আবর্জনা পড়ে থাকতে দেখলেই তা তুলে নেন। তাঁর এই কার্যক্রম দেখে শিক্ষার্থীরাও অনেক সচেতন হয়েছেন। তাঁরা এখন আর যেখানে-সেখানে ময়লা ফেলেন না। তাই কাজটি করতে ভালোই লাগে বলে জানালেন আল আমিন।
শুধু গ্রিন ওয়াচম্যান নয়, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনাও চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শহর থেকে ১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে খুলনা-যশোর মহাসড়কের পাশে ১০১ একর জমির ওপর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চার পাশে সবুজের সমারোহ আর ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা যেকোনো মানুষকেই মুগ্ধ করবে। প্রায় চার হাজার মানুষের এ ক্যাম্পাসে কোথাও দুর্গন্ধ নেই, নেই ময়লার স্তূপ।
১১ জানুয়ারি দুপুরে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন কয়েকজন কর্মী। এ ছাড়া সাইকেল নিয়ে ক্যাম্পাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন গ্রিন ওয়াচম্যান। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রাখা আছে ছোট ছোট ডাস্টবিন। শিক্ষার্থীরা সেসব ডাস্টবিনে ময়লা ফেলেন।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট ও গ্রিন ওয়াচম্যানের ধারণা উপাচার্যের। তাঁর পরিকল্পনা অনুযায়ী, ২০১৪ সালের আগস্ট থেকে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট চালু করা হয়েছে। আর গ্রিন ওয়াচম্যানের কার্যক্রম চালু হয় গত বছরের নভেম্বর থেকে।
বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের তত্ত্বাবধায়ক আল মুনসুর বলেন, প্রতিদিন প্রায় ২৫০ কেজি পচনশীল ও ১৭০ কেজি অপচনশীল বর্জ্য পাওয়া যায় ক্যাম্পাসে। সেসব বর্জ্য সংগ্রহ করে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করা হয়। পরে পচনশীল বর্জ্য দিয়ে জৈব সার তৈরি করা হয়। আর অপচনশীল দ্রব্যের মধ্য থেকে প্লাস্টিক-জাতীয় দ্রব্য আলাদা করে বাইরে বিক্রি করা হয়। আর অন্য দ্রব্য চুল্লিতে পোড়ানো হয়।
জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, নোংরা পরিবেশ নোংরা মানসিকতার জন্ম নেয়। তাই বিশ্ববিদ্যালয়কে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের মাধ্যমে আমরা বর্জ্যগুলো আলাদা করে ফেলছি। বর্জ্য পুড়িয়ে ফেলতে একটি আধুনিক চুল্লিও তৈরি করা হয়েছে। দূষিত ও যেসব বর্জ্য আলাদা করা যায় না, তা পুড়িয়ে ফেলা হচ্ছে।’
উপাচার্য বলেন, প্রতিটি প্রতিষ্ঠান এভাবে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট তৈরি করতে পারলে খুলনা নগরে ৪০ শতাংশ বর্জ্য কমে আসবে। তখন আর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে হিমশিম খেতে হবে না।