পরিচয় গোপন করে প্রেম, বিয়ে পরে হাজতে
নাম-ঠিকানা গোপন করে এক কিশোরীকে বিয়ে করার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অখিল বিশ্বাস (৩০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিপূর্বে তিনি আরও দুটি বিয়ে করেছেন এবং তাঁর একাধিক সন্তান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লাখিরপাড় গ্রামের লোকজন অখিল বিশ্বাসকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তাঁর বিরুদ্ধে ওই দিন রাতেই থানায় একটি মামলা করা হয়।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, অখিলের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। তিনি গত ১৭ আগস্ট কোটালীপাড়ার লাখিরপাড় গ্রামের এক কিশোরীকে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। অখিল নিজেকে অবিবাহিত দাবি করে ওই কিশোরীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করে আসছিলেন। অখিলের আরও দুই স্ত্রী ও একাধিক সন্তান রয়েছে। বৃহস্পতিবার অখিল ওই কিশোরীকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য আসেন। ইতিমধ্যে কিশোরীর আত্মীয়স্বজন অখিলের দেওয়া ঠিকানা অনুযায়ী রাজৈরে খোঁজখবর নেন। তাঁরা জানতে পারেন, রাজৈর বাজারে এই নামে কেউ নেই। পরে তাঁরা অখিলকে আটকে পুলিশকে খবর দেন। অখিল পুলিশের কাছে ইতিপূর্বে দুটি বিয়ে করার কথা স্বীকার করেন। তাঁর বাড়ি রাজৈরের আড়ুয়াকান্দি গ্রামে। ওসি আরও জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই কিশোরীর মা বাদী হয়ে রাজৈর থানায় একটি মামলা করেছেন।