পরিচয় না মেলায় দুই তরুণের লাশ গাইবান্ধায় দাফন
পরিচয় না মেলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি হাওয়াখানা এলাকা থেকে উদ্ধার হওয়া সেই দুই তরুণের লাশ গতকাল রোববার দাফন করা হয়েছে। উদ্ধারের পর লাশ দুটি গাইবান্ধা সদর হাসপাতাল মর্গের হিমঘরে রাখা হয়েছিল।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কাটাখালি হাওয়াখানা এলাকার একটি গমখেত থেকে ২২ থেকে ২৫ বছর বয়সী ওই দুই তরুণের দগ্ধ লাশ উদ্ধার করা হয়। ওই দিন ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গত চার দিনেও ওই দুজনের লাশের পরিচয় না মেলায় গতকাল স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে জেলা শহরের পৌর কবরস্থানে তাঁদের দাফন করা হয়।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য এলাকা থেকে ওই দুজনকে ধরে এনে শ্বাসরোধ করে হত্যার পর আলামত নষ্ট করতে আগুন বা দাহ্য পদার্থ দিয়ে উভয়ের লাশ পুড়িয়ে ফেলে। এতে তাঁদের মুখমণ্ডল, বুক ও হাত-পা পুড়ে ঝলসে যায়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে গতকাল পর্যন্ত এ ঘটনার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ওই দুজনের পরিচয় না পাওয়ায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে তাঁদের লাশ দাফন করা হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে।