
পবিত্র রমজান ও ঈদের ছুটির কারণে টানা ১৮ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ খুলেছে। গতকাল রোববার সকাল থেকে কলেজ দুটির প্রধান ফটকে কঠোর পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল। পরিচয় নিশ্চিত হওয়ার পরই শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢোকার অনুমতি দিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত হতে পুলিশকে সহযোগিতা করেন দুটি কলেজের কর্মচারীরা।
গত ১৯ জুন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাগত জানানো নিয়ে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। এর আগের দিন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করেও দুপক্ষে সংঘর্ষ হয়। ওই দুই দিন পাশের মহসিন কলেজেও উত্তেজনা বিরাজ করছিল। ১৯ জুনের সংঘর্ষের পর চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের শ্রেণি কার্যক্রম দুই দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। ২০ জুন কলেজে প্রবেশ করলে ছাত্রলীগের নেতা-কর্মীদের বের করে দেয় পুলিশ। ২২ জুন থেকে দুটি কলেজে পবিত্র রমজান ও ঈদের ছুটি শুরু হয়।
গতকাল চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে এইচএসসিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। দুটি কলেজেই স্নাতকের বিভিন্ন বর্ষের শ্রেণি কার্যক্রম গতকাল স্থগিত ছিল। আজ সোমবার থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে। চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় কলেজ দুটি পাশাপাশি অবস্থিত।
চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রদীপ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে কলেজ ক্যাম্পাসে বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হবে না।
গতকাল দুপুরে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে কথা হয় মানবিক বিভাগে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী মো. শাহীন ও ইমতিয়াজ উদ্দিনের সঙ্গে। তারা প্রথম আলোকে বলে, ‘ভর্তির সময় কলেজের পরিস্থিতি ভালো ছিল না। তখন ভয় নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হয়েছিল। তবে আজকের (রোববার) পরিস্থিতি ও পরিবেশ দুটোই শান্তিপূর্ণ। আশা করি, ভবিষ্যতেও এ রকম পরিবেশে আমরা ক্লাস করতে পারব।’
হাজী মুহাম্মদ মহসিন কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র সামিউল হক বলে, ‘ওরিয়েন্টেশন ক্লাসে স্যাররা অনেক উপদেশ দিয়েছেন। এসব মেনে চলব।’
চট্টগ্রাম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক বিপ্লব গাঙ্গুলী প্রথম আলোকে বলেন, কলেজের সার্বিক পরিস্থিতি নষ্ট হয়, এ রকম কোনো কর্মকাণ্ডে না জড়াতে নতুন শিক্ষার্থীদের বলা হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, কলেজ কর্তৃপক্ষ ইউনিফর্ম ও পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার জন্য বলেছে। তাই গতকাল থেকে বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হয়নি।