পরিচয় মিলল বস্তাবন্দী তিন লাশের, গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদী থেকে গত সোমবার উদ্ধার হওয়া তিন লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন গাজীপুরের শ্রীপুরের টেংরা গ্রামের বাদল মণ্ডলের স্ত্রী নাসরিন মণ্ডল (৩০), হাদিকুলের স্ত্রী ও নাসরিনের ফুফু মেহেরুন নেসা (৫২) ও মেহেরুনের পালিত নাতনি জাইমতি (৪)।
পুলিশ বলছে, ওই তিনজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালার আল আমিন (৩২), রায়গঞ্জ উপজেলার নয়ন (২০) ও প্রাইভেটকারের চালক জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পবাহার লোহাপাড়া গ্রামের রবিউল ইসলাম (২২)। প্রাইভেটকারসহ গতকাল সকাল সাতটার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আল আমিন গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার একটি বস্ত্রালয়ের ম্যানেজার ও নয়ন সেই দোকানের কর্মচারী। রবিউল হলেন দোকানের মালিক মো. মনির হোসেন ওরফে মিজানুর রহমানের প্রাইভেটকারের চালক।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর রশিদ বলেন, নাসরিনের সঙ্গে আল আমিনের সম্পর্ক ছিল। গত ৩০ জুলাই দুপুরে নাসরিনকে গড়গড়িয়া মাস্টারবাড়ির ওই বস্ত্রালয়ে ডেকে আনেন আল আমিন। পরে তাঁকে দোকানের পাশের গুদামে নিয়ে যান তিনি। সেখানে নয়ন ও রবিউলের সহায়তায় নাসরিনকে শ্বাসরোধে হত্যা করেন আল আমিন। পরে একইভাবে নাসরিনের ফুফু মেহেরুন নেসা ও তাঁর নাতনি জাইমতিকেও গুদামে ডেকে নিয়ে হত্যা করা হয়। এরপর আল আমিন বন্যা পরিস্থিতি দেখার জন্য গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার কথা বলে দোকান-মালিকের কাছ থেকে প্রাইভেটকারটি নেন। ঘটনার রাতে লাশগুলো বস্তাবন্দী করে গাড়ির পেছনে ভরে সিরাজগঞ্জের এনায়েতপুর বেড়িবাঁধ এলাকায় খাজা খানজাহান আলী মেডিকেল কলেজের পাশে যমুনা নদীতে ফেলে দেওয়া হয়।
শ্রীপুরের তেলিহাটী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সফিকুল ইসলাম ও বাদল মণ্ডলের ভগ্নিপতি মনিরুজ্জামান বলেন, ৩০ জুলাই বেলা ১১টার দিকে জাইমতিকে চিকিৎসক দেখানোর কথা বলে শিশুসহ নাসরিন ও মেহেরুন বাড়ি থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা হন। ওই দিন বেলা দুইটার দিকে নাসরিনের সঙ্গে স্বামী বাদল মণ্ডলের সর্বশেষ কথা হয়। এরপর বাড়ি না ফেরায় বিকেল পাঁচটার দিকে নাসরিনের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। এরপর থেকে পরিবারের লোকজন তাঁদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী জিন্নাহ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সকাল সাতটার দিকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, গত সোমবার সকাল সোয়া ১১টার দিকে যমুনা নদীতে দুটি বস্তা ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা দুটি উদ্ধার করে। বস্তা খুলে একটির ভেতর এক শিশু ও এক নারী এবং অন্য বস্তায় আরেক নারীর লাশ পাওয়া যায়। পরে স্বজনেরা সোমবার রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করেন। এ ঘটনায় পুলিশ এনায়েতপুর থানায় মামলা করেছে।