পরিচয় মেলেনি চার দিনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরো লাশের পরিচয় গত চার দিনেও মেলেনি। পুলিশ গত শুক্রবার রাতে জামগড়া এলাকার একটি বাসার ভেতরের ড্রাম থেকে এক নারীর এই লাশ উদ্ধার করে।

আশুলিয়া থানা সূত্র জানায়, পুলিশ শুক্রবার সন্ধ্যার পর মাসুদ রানার বাড়ির ভাড়া দেওয়া একটি কক্ষের ড্রামের ভেতর থেকে এক নারীর ৩৮ টুকরো লাশ উদ্ধার করে। পরে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। শ্বাসরোধে হত্যার পর ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরো টুকরো করা হতে পারে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান সোমবার বলেন, গত বৃহস্পতিবার এক ব্যক্তি নিজেকে মজিবুর রহমান পরিচয় দিয়ে সৌদিপ্রবাসী মাসুদ রানার একতলা বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। পূর্বপরিকল্পিতভাবে লাশ গুম করার জন্য ওই ব্যক্তি তথ্য গোপন করে কক্ষটি ভাড়া নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ওই রাতেই নারীটিকে হত্যা করা হয়।