ডিএনএ পরীক্ষার পরও রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ১১২টি লাশের পরিচয় মেলেনি। আরও ১০ জনের পরিচয় নিশ্চিত করতে পারেননি বিশেষজ্ঞরা।
জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির প্রধান শরীফ আখতারুজ্জামান গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ মিলনায়তনে এক সেমিনারে এ তথ্য দেন। জীববিজ্ঞান অনুষদ ‘বড় বিপর্যয়ে হতাহতদের চিহ্নিত করতে ডিএনএ প্রোফাইলিং প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে শরীফ আখতারুজ্জামান বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় নিহত এক হাজার ১৩৪ জনের মধ্যে ডিএনএ পরীক্ষা ছাড়াই ৮০০-এর বেশি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব পরিবারের সদস্যদের সঙ্গে অশনাক্ত লাশগুলোর ডিএনএ মিলে যেতে পারে। সরকার যদি আগ্রহী হয়, তবে তাঁদেরও ডিএনএ পরীক্ষা করাতে পারে। তিনি পরবর্তী যেকোনো দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে সেখানে অস্থায়ী মর্গ তৈরি করে নিহত ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহ করার পর লাশ হস্তান্তরের পরামর্শ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক বলেন, ডিএনএ পরীক্ষার জন্য মোট ৩২২টি মৃতদেহ ল্যাবরেটরিতে পাঠানো হয়।
লাশ শনাক্ত করতে ৫৪১টি পরিবার থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত ২০০ লাশ শনাক্ত করা গেছে। আর ১০ জনের ডিএনএ একাধিক ব্যক্তির সঙ্গে মিলে যাওয়ায় তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।
আয়োজক অনুষদের ডিন অধ্যাপক মো. ইমদাদুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন।