পরিচয়পত্র দেখতে চাওয়ায় ...
ছিনতাইকারী সন্দেহে পরিচয়পত্র দেখতে চাওয়ায় সাভার গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজু দেওয়ান ও তাঁর ভাই রুবেল দেওয়ান সাদা পোশাকে কর্মরত র্যাব সদস্যদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই ভাইকে ছিনতাইকারী সন্দেহে ক্যাম্পে নিয়ে যাওয়ার পর তাঁদের সম্পর্কে খোঁজ-খবর নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।রাজু সাভার গণবিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। রুবেল পেশায় ব্যবসায়ী। তাঁরা সাভারের কাঠগড়া এলাকার বাসিন্দা।রুবেল ও রাজু অভিযোগ করেন, ‘বিশমাইল এলাকায় ঘন ঘন ছিনতাইয়ের ঘটনা ঘটায় সাদা পোশাকে র্যাবের সদস্যদের আমরা ছিনাতাইকারী ভেবে পরিচয়পত্র দেখতে চেয়েছিলাম। এই অপরাধেই বিনা দোষে নির্যাতনের শিকার হতে হয়েছে।’অভিযোগ অস্বীকার করে র্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মিজান-উল-হক বলেন, বিশমাইলসহ সাভারের বিভিন্ন এলাকায় র্যাব ও পুলিশের পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব রোধে সাদা পোশাকে র্যাবের সদস্যরা কাজ করছেন। সোমবার রাতে ওই এলাকায় কর্মরত র্যাবের সদস্যদের কাছে রুবেল ও রাজুর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তাঁরা ক্ষেপে গেলে যাচাই করার জন্য ক্যাম্পে নিয়ে আসা হয়।