পরিচয়পত্র নয়, অর্ধকোটি নতুন ভোটার পাবেন পরিচিতি তথ্য বিবরণী
নতুন ভোটার হওয়া প্রায় অর্ধকোটি নাগরিককে ‘পরিচিতি তথ্য বিবরণী’ সরবরাহ করবে নির্বাচন কমিশন। এই বিবরণী কমিশনের নিবন্ধন বিভাগের ওয়েবসাইটে থাকবে। প্রয়োজন অনুযায়ী ভোটাররা তা অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আপাতত নাগরিক সেবা পেতে নতুন ভোটারদের যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য কমিশন এই পরিচিতি বিবরণী দেবে। ভোটারদের কাছে থাকা প্রাপ্তি রসিদের নিবন্ধন নম্বর ওয়েবসাইটের (www.nidw.gov.bd) নির্দিষ্ট ঘরে বসিয়ে অনুসন্ধান করলে তাঁদের ব্যক্তিগত তথ্য দেখা যাবে এবং প্রয়োজনে তার প্রিন্ট নেওয়া যাবে।
জানতে চাইলে কমিশনের নিবন্ধন বিভাগের মহাপরিচালক সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন সাংবাদিকদের বলেন, আইনি জটিলতার কারণে সাময়িক পরিচিতি বিবরণীকে জাতীয় পরিচয়পত্র বলা যাবে না। তবে এই পরিচিতি বিবরণীতে ভোটারের ছবি, পরিচিতি নম্বর, নাম, পিতা-মাতার নাম, নিবন্ধন নম্বর ইত্যাদি থাকবে। আগামী সপ্তাহ থেকে এ কার্যক্রম চালু হবে।
কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ভোটার সংখ্যা ৯ কোটি ৬২ লাখেরও বেশি। তাঁদের মধ্যে নতুন ভোটার ৪৭ লাখের মতো। কিন্তু তাঁদের জাতীয় পরিচয়পত্র নেই। কমিশন এসব ভোটারের হাতে সরাসরি উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) দিতে চায়। সে জন্য তাঁদের বর্তমানে চালু জাতীয় পরিচয়পত্র দেওয়া হচ্ছে না। ছাপার কাজ শুরু হলে তাঁদের একসঙ্গে স্মার্টকার্ড দেওয়া হবে।