পরিচয়পত্র সংশোধনীতে ভোগান্তির অভিযোগ নাকচ আইনমন্ত্রীর
জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ নাকচ করলেন সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের ওয়ারেসাত হোসেনের পরিচয়পত্র সংশোধন-সম্পর্কিত এক প্রশ্নের জবাব দেন।
আইনমন্ত্রী বলেন, পরিচয়পত্রের ভুল সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষের প্রচণ্ড ভোগান্তি হচ্ছে—এ অভিযোগ সত্য নয়। আবেদনকারীদের মধ্যে যাঁদের কাগজপত্র ঠিক থাকে, তাঁরা এক দিনেই কাজ শেষ করতে পারেন। যাঁরা সংশোধনের পক্ষে গ্রহণযোগ্য দালিলাদি জমা দিতে পারেন না, তাঁদের ক্ষেত্রে সময় লাগে। তাঁরাই ভোগান্তির অভিযোগ করেন।
প্রশ্নোত্তর পর্বের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
পরিচয়পত্র সংশোধনে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, সংশোধনীর আবেদনের মধ্যে জন্মতারিখ, নিজের নাম, পিতা-মাতার নামের আমূল পরিবর্তনজনিত বিধায় এ সম্পর্কে প্রামাণিক দলিলের প্রয়োজন হয়। যাঁরা সমর্থিত কাগজপত্র দিতে পারেন না, তাঁদের সিদ্ধান্ত পেতে সময় লাগে। কোনো কোনো ক্ষেত্রে ১০-১৫ বছর বয়স কম-বেশি করার আবেদন আসে।
মন্ত্রী আরও বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ২০০৭ সাল থেকে এ পর্যন্ত মোট ৬ লাখ ১৩ হাজার ২৮৯ জন ব্যক্তি আবেদন করেছেন, যা নিবন্ধিত ভোটারের শূন্য দশমিক ৬১ শতাংশ। এঁদের মধ্যে ২৪ হাজার ৫৩২ জন করণিক ভুল এবং ৫ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন তথ্য পরিবর্তনের আবেদন করেছেন। এ পর্যন্ত ৪ লাখ ৪১ হাজার ৩৫৯টি আবেদনপত্র সংশোধন করে ভোটারদের সংশোধিত পরিচয়পত্র দেওয়া হয়েছে।
নতুন জাতীয় স্কেলের গেজেট জারির পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ২ লাখ ৬৫ হাজার ১৪৮টি আবেদন পাওয়া গেছে বলে আনিসুল হক জানান। তিনি বলেন, তাদের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৩৩২টি আবেদনের তথ্যাদি সংশোধন করে সরবরাহ করা হয়েছে। দ্রুত সেবা দেওয়ার জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু, উপজেলা পর্যন্ত এ সেবা বিকেন্দ্রীকরণ ও অনলাইনে আবেদনের মাধ্যমে সেবা দেওয়ার নিয়ম চালু করা হয়েছে। জনগণের সুবিধার জন্য বর্তমানে স্ব স্ব এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন জমা ও সংশোধিত কার্ড দেওয়া হচ্ছে।
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োজিত অদক্ষ ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি তদন্ত করে প্রতিবেদন দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।