পরিচয়পত্রের ব্যবহার সম্পর্কে ইসির মতামত নেয়নি সেবা প্রতিষ্ঠানগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, সরকারি-বেসরকারি সেবা প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে পরামর্শ না করেই জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করেছে। এর ফলে সাধারণ নাগরিকদের অনেকেই হয়রানি শিকার হচ্ছেন। গতকাল বুধবার পরিচয়পত্রের ব্যবহার নিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতবিনিময় সভার বিরতির সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রাজধানীর হোটেল শেরাটনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইনের বিধান অনুযায়ী দেশের সব নাগরিককে পরিচয়পত্র দেওয়ার কাজ শেষ না হওয়া পর্যন্ত এর ব্যবহার বাধ্যতামূলক করা যাবে না। সারা দেশে ভোটার সারভার স্টেশনগুলো ২০১১ সালের জুনের মধ্যে চালু হবে। এসব সারভার স্টেশন চালু হওয়ার পর সরকারি প্রতিষ্ঠানগুলো অনলাইনে পরিচয়পত্র ধারণকারী যেকোনো ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবে। এর আগে বলা হয়, পরীক্ষামূলকভাবে সারভার স্টেশন আগামী ফেব্রুয়ারিতে চালু হবে। বর্তমানে কেন্দ্রীয়ভাবে পরিচয়পত্র সংশোধনের কাজ হলেও সারভার স্টেশন চালু হওয়ার পর উপজেলা পর্যায়েও এ কাজ করা যাবে। এ টি এম শামসুল হুদা আরও বলেন, প্রতিষ্ঠানগুলো কমিশনের সঙ্গে পরামর্শ না করেই জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়টি যৌক্তিক নয়। তাই সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। সেবা প্রতিষ্ঠানগুলো পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করায় বিভিন্ন স্থানে নকল পরিচয়পত্র তৈরি হচ্ছে বলে সিইসি মন্তব্য করেন। তিনি বলেন, ব্যাংক একাউন্ট খোলা ও জমি কেনাবেচাসহ প্রায় ২৫টি খাতে ভোটার ডেটাবেইস ব্যবহার করা সম্ভব। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও ভোটার ডেটাবেইস ব্যবহার করা হলে জালিয়াতি অনেকাংশেই বন্ধ হবে।পরিচয়পত্রের ব্যবহার সম্পর্কে সিইসি বলেন, পরিচয়পত্র ক্রেডিট কার্ড নয় যে এটি পকেটে রেখে দিতে হবে। এটি নিরাপদ স্থানে রেখে প্রয়োজনে ফটোকপি নিয়ে চলাফেরা করতে হবে। ভবিষ্যতে কেউ পরিচয়পত্র হারিয়ে ফেললে তাকে জরিমানা দিয়ে নতুন পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং কমিশন সচিব, পুলিশ, গোয়েন্দা, পাসপোর্ট ও ইমিগ্রেশন, বাংলাদেশ ব্যাংক, র্যাব, সেনাবাহিনী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।