পরিচয়হীন প্রতিবন্ধী শিশুটির ঠাঁই হলো জেলা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকমতো কথা বলতে পারে না শিশুটি। শুধু তিনটি শব্দ বলে সে, ‘বাবা, খাম (খাব), যাম (যাব)’। আর কেবল এদিক-ওদিক তাকিয়ে কাকে যেন খোঁজে। নাম-ঠিকানা জানতে না পারায় গত সোমবার আদালতের মাধ্যমে প্রতিবন্ধী এই শিশুটির ঠাঁই হয়েছে দিনাজপুর জেলা কারাগারে।
জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শাহ আলম খান বলেন, দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে গত সোমবার বাক্প্রতিবন্ধী ওই মেয়েশিশুটিকে (১৩) জেলা কারাগারে নিয়ে আসা হয়েছে। দু-এক দিনের মধ্যে তাকে রাজশাহীতে সমাজসেবা অধিদপ্তরের সেফ হোমে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
দিনাজপুর শহরের কালীতলা এলাকায় সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জ্যাকি ইসলাম বলেন, গত রোববার বিকেল তিনটার দিকে তিনি শিশুটিকে বিদ্যালয়ের বাইরে একটি ডাস্টবিনের পাশ ঘুমিয়ে থাকতে দেখেন। এ সময় তার মুখে প্রচুর মাছি বসেছিল। তিনি মনে করেছিলেন, মেয়েটি মারা গেছে। পরে তিনি ও তাঁর স্ত্রী বিষয়টি প্রথম আলো দিনাজপুর বন্ধুসভার উপদেষ্টা মুকিত হায়দারকে জানান। একই সঙ্গে মহিলা পরিষদ সভানেত্রী, কোতোয়ালি থানা এবং মমতা পল্লী উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারি সংস্থাকে ফোনে বিষয়টি জানানো হয়। পরে সবাই মিলে মেয়েটিকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
দিনাজপুর মহিলা পরিষদ সভাপতি কানিজ রহমান বলেন, মেয়েটির গায়ের রং শ্যামলা। সে ‘বাবা, খাম (খাব) এবং যাম (যাব)’ ছাড়া কোনো কথা বলতে পারে না। এ অবস্থায় শিশুটিকে কোতোয়ালি থানায় নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু তাকে রাখার কোনো ব্যবস্থা না থাকায় মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে যান মহিলা পরিষদ নেত্রী। তিনি আরও বলেন, জিডির প্রতিলিপি নিয়ে গত সোমবার সকালে শিশুটিকে আদালতে হাজির করা হয়। আদালত পরে মেয়েটিকে জেলা কারাগারে নিরাপত্তা হেফাজতে পাঠান।
দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা মনির হোসেন বলেন, যেহেতু দিনাজপুরে কোনো সেফ হোম নেই, তাই পুলিশি নিরাপত্তার মাধ্যমে তাকে রাজশাহীতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে জেলা কারা কর্তৃপক্ষ।