পরিজনদের দেশে পাঠানোর কথা ভাবছেন ইউরোপীয় কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেছেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ঢাকায় তাঁদের বিদেশি কর্মকর্তারা নিজেদের পরিবার দেশে ফেরত পাঠানোর কথা বিবেচনা করছেন। বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, গুলশান হামলার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাঁদের উদ্বেগ এখনো কাটেনি। তিনি আশঙ্কা করছেন, গুলশান হামলার মতো ঘটনা বাংলাদেশে ভবিষ্যতে আরও ঘটতে পারে।
রাষ্ট্রদূত বলেন, গত বছর ইতালির নাগরিক সিজার তাবেলা ও জাপানি নাগরিক কোনিও হোশি হত্যার মধ্য দিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, সেটি গুলশান হামলার পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ঢাকায় বিভিন্ন দূতাবাসের বিদেশি কর্মীরা এখন প্রকাশ্যে চলাফেরা পর্যন্ত করছেন না। এমন অবস্থায় ঢাকায় ইইউয়ের পক্ষে যেসব বিদেশি নাগরিক কাজ করছেন, তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পিয়েরে মায়াদু।
ইইউ দূতাবাসের কর্মীদের পরিবারের সদস্যদের দেশে ফেরত পাঠাতে বলা হবে কি না—জানতে চাইলে পিয়েরে মায়াদু বলেন, ‘এটা আমাদের বিবেচনার মধ্যে আছে। আমাদের সদর দপ্তর থেকে এরই মধ্যে একজন নিরাপত্তা বিশেষজ্ঞ ঢাকায় এসেছেন। আগামী সপ্তাহের মধ্যে নিরাপত্তা নিয়ে আমাদের মূল্যায়ন কার্যক্রম শেষ হবে। আমরা নির্ণয় করার চেষ্টা করব, কীভাবে আমাদের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা যায়।’
পিয়েরে মায়াদু আরও বলেন, ‘আমাদের কিছু সহকর্মী এরই মধ্যে তাঁদের পরিবারের সদস্যদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছেন। বাকিরা এখনো অপেক্ষা করছেন কী সিদ্ধান্ত আসে, সেটি দেখার জন্য। আমি জানি, অনেক বিদেশি মিশন তাদের কর্মীদের পরিবারের সদস্যদের দেশে ফেরত পাঠিয়ে দিতে বলেছে। আমরা কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগস্টের মাঝামাঝি ঢাকায় ইন্টারন্যাশনাল স্কুলগুলো খুলতে যাচ্ছে। সুতরাং এখন আমাদের সিদ্ধান্ত নিতেই হবে।’
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তাব্যবস্থা নেওয়ার দাবি প্রসঙ্গে জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, যথেষ্ট নিরাপত্তা নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু উদ্বেগ কাটছে না।
বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ঢাকার নিরাপত্তা নিয়ে এ প্রতিক্রিয়া অতিরিক্ত কি না—এ প্রশ্নে মায়াদু বলেন, ‘অবশ্যই আমরা বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছি না। জুলাই মাসের ১ তারিখ ১৭ জন বিদেশিকে চোখের সামনে জবাই করে হত্যা করা হয়েছে। এর পরে কেউ যদি বলে নিরাপত্তা নিয়ে আমরা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছি, তাহলে সেটি নিহত ব্যক্তিদের এবং তাঁদের পরিবারের সদস্যদের অপমান করার মতো। পরিস্থিতি খুবই মারাত্মক। আমার ধারণা, এখানে সব স্টেক হোল্ডারের একই ধারণা। পরিস্থিতি ভয়ংকর। একই ধরনের ঘটনা ভিন্নভাবে আবারও ঘটতে পারে। সুতরাং এটা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো নয়।’