পরিণতি ভয়াবহ, তবু সাগরপথে মালয়েশিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার হাতছানি এখন পৌঁছে গেছে নরসিংদীর বিভিন্ন গ্রামে। দালালদের প্রলোভনে জেলার বিভিন্ন স্থান থেকে যুবকেরা যাচ্ছেন টেকনাফে। সেখান থেকে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে রওনা হচ্ছেন মালয়েশিয়ার দিকে।

প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অনেক সময় স্বপ্নের শেষ হচ্ছে করুণ মৃত্যু কিংবা গ্রেপ্তারের মধ্যে দিয়ে। সম্প্রতি সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে নরসিংদীর চার তরুণের মৃত্যুর পর বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এলাকার মানুষ।

এর মধ্যেই আজ বুধবার মালয়েশিয়া যাওয়ার পথে ৩০০ যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে বিকল হয়ে পড়ে ট্রলার। আজ দুপুর ১২টার দিকে গভীর বঙ্গোপসাগরে তাঁদের বহনকারী ট্রলার বিকল হয়ে পড়লে খবর পেয়ে তাঁদের উদ্ধারে যায় কোস্ট গার্ড।

নরসিংদীর সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা গেছে, বছর খানেক ধরে নরসিংদীর তরুণদের প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার লোভ দেখিয়ে দালালেরা তাঁদের টেকনাফে নিয়ে যাচ্ছে। এভাবে মালয়েশিয়া যাওয়ার পথে গত ২২ মে নরসিংদী সদর উপজেলার নুরালাপুর গ্রামের আবু সাঈদের ছেলে আসাদ মিয়া (৩৬), আবুল কাশেমের ছেলে মোহাম্মদ কাউসার (৩০), আবদুল বাছেদের ছেলে মহসিন মিয়া (৩৫) ও লোকমান মিয়ার ছেলে আবদুল মোতালিব (৩১) মারা যান বলে খবর আসে।

সরেজমিনে নুরালাপুর গ্রামে গিয়ে জানা যায়, প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। নিহত আসাদ মিয়ার বাবা সাঈদ মিয়া পেশায় দিনমজুর। প্রথম আলোকে তিনি জানান, তাঁর একমাত্র ছেলে আসাদ স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতেন। গত ২৮ এপ্রিল হঠাত্ তিনি বাড়ি থেকে বের হয়ে যান। কয়েক দিন পর মোবাইলে জানান, তিনি ও একই গ্রামের আরও তিনজন জাহাজে করে মালয়েশিয়া যাচ্ছেন। আসাদের বাবা জানান, আসাদ তাঁকে বলেছিলেন, ‘নরসিংদীর পাশের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আদম বেপারি আফাজ উদ্দিন ওরফে আব্বাস মালয়েশিয়া নিয়ে যাচ্ছে। এ জন্য আফাজকে দুই লাখ টাকা দিতে হবে। তোমরা টাকা জোগাড় করো। বিস্তারিত মালয়েশিয়া পৌঁছে জানাব।’

সাঈদ মিয়া জানান, তিনি এরপর টাকা জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়েন। এরই মধ্যে গত ২২ মে আমিরুল নামের একজন থাইল্যান্ড থেকে মোবাইলে কাউসারের ভাই রফিজ উদ্দিনকে জানায়, আসাদ  ও কাউসারসহ নরসিংদীর চারজন মারা গেছেন।

রফিজউদ্দিন প্রথম আলোকে জানান, আমিরুলের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। মোবাইলে আমিরুল তাঁকে জানিয়েছেন, তাঁরা কয়েক শ লোক একই জাহাজে করে মালয়েশিয়া যাচ্ছিলেন। পথে আসাদ ও কাউসারসহ নরসিংদীর চারজন খাবার ও পানির সংকটে দুর্বল হয়ে মারা যান। তাঁদের লাশ সাগরে ভাসিয়ে দেওয়া হয়।

রফিজউদ্দিন বলেন, আমিরুল তাঁকে বলেছেন, যাওয়ার সময় মোট ২৭ জন মারা যান। 

রফিজউদ্দিনের মোবাইল ফোন থেকে সাংবাদিক পরিচয় দিয়ে আমিরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘২৭ জন মারা গেছে। তাদের লাশ সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে।’ নরসিংদীর কতজন লোক জাহাজে ছিল, জানতে চাইলে তিনি বলেন, শতাধিক লোক ছিল।

স্থানীয় ব্যক্তিরা জানান, গত এক বছরে সদর উপজেলার মহিষাশুড়া, কাঁঠালিয়া, নুরালাপুর ও পাইকারচর ইউনিয়নের অন্তত এক হাজার লোক মালয়েশিয়া গেছে। এর মধ্যে নুরালাপুর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে মোমেন (৩০), আবদুস ছাত্তার মিয়ার ছেলে বন্যা মিয়া (২৫), খিদিরকান্দী গ্রামের  সুরুজ মিয়ার ছেলে দুলাল মিয়া (২৯) ও রফিকুল মিয়ার ছেলে সেলিমসহ (১৮) আরও অনেকেরই খোঁজ নেই।

তবে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম কাশেম জানিয়েছেন, তাঁরা এই ধরনের ঘটনা শুনলেও লিখিত কোনো অভিযোগ পাননি। ফলে আইনগত কোনো ব্যবস্থাও নিতে পারেননি।

নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ চৌধুরী বলেন, ‘দালাল চক্র পরিবারকে না জানিয়ে তরুণ ছেলেদের মালয়েশিয়ার লোভ দেখিয়ে সাগরপথে নিয়ে যায়। পরে তাঁরা পরিবারের কাছে টাকা চায়। এভাবে যারা প্রতারিত হচ্ছে, তাদের আমি পুলিশের কাছে যেতে বলেছি। কিন্তু মানুষ পুলিশের কাছে যেতে চায় না।’

এ বিষয়ে জানতে চাইলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নরসিংদীর সহকারী পরিচালক মালিক মো. তৈমুর গোফরান আজ প্রথম আলোকে বলেন, ‘সাগরপথে টেকনাফ দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা একেবারেই অবৈধ। সাম্প্রতিক সময়ে আমরা জানতে পারছি নরসিংদীর লোকজনও এইভাবে মালয়েশিয়া যাচ্ছে। এটা বন্ধ করতে হবে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আমরা নরসিংদীর গুরুত্বপূর্ণ জায়গায় বিলবোর্ড লাগানোসহ বৈধভাবে বিদেশে যেতে উত্সাহিত করতে সচেতনতামূলক আরও কর্মসূচি নেব।’

কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার কাজী হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘গত পাঁচ মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৫৩১ জনকে আটক করা হয়েছে। আগে টেকনাফ ও আশেপাশের লোক গেলেও এখন কুমিল্লা, নরসিংদী এমনকি উত্তরবঙ্গের লোকও এভাবে মালয়েশিয়া যাচ্ছে। নৌবাহিনী, কোস্ট গার্ড সবাই এ ব্যাপারে সতর্ক আছে।’

প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেছেন, এভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়া কোনো সুস্থ মানুষের কাজ নয়। কারণ, হয় তাঁরা পথে কষ্টে মারা যাবেন কিংবা পৌঁছাতে পারলেও গ্রেপ্তার হবেন।’ তিনি এভাবে মালয়েশিয়া না যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং এই প্রক্রিয়া বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তত্পর হওয়ার অনুরোধ করেন।