বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষী পরিতোষ পালিতকে গতকাল মঙ্গলবার আসামিপক্ষ জেরা শেষ করেছে। আজ বুধবার এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল পরিতোষকে জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। এ সময় আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী হাজির ছিলেন।জেরায় আহসানুল হক মত (সাজেশন) দেন, একাত্তরের ১৪ এপ্রিল সাকা চৌধুরী পাকিস্তানি সেনাদের নিয়ে সাক্ষীর বাড়ি যাননি। পরিতোষ বলেন, এটা সত্য নয়। পরে আইনজীবী আবার মত দেন, এই সাক্ষী বর্তমানে ভারতে থাকেন। একটি কুচক্রী মহল ভারত থেকে তাঁকে এনে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়াচ্ছে। সাক্ষী এবারও বলেন, এ বক্তব্য সত্য নয়।পরিতোষ পালিত গত সোমবার জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১৪ এপ্রিল সাকা চৌধুরীর কথামতো পাকিস্তানি সেনারা তাঁর বাবা সতীশ চন্দ্র পালিতকে গুলি করে হত্যা করে।গত বছরের ৪ এপ্রিল এই ট্রাইব্যুনাল সাকা চৌধুরীর বিরুদ্ধে নয়টি গণহত্যার অভিযোগসহ ২৩টি অভিযোগ গঠন করেন। এই মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের যেসব সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. সালেহ উদ্দিন, চট্টগ্রামের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ।