পরিত্যক্ত অবস্থায় দুই বস্তা প্রশ্নপত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুন ব্রিজের কাছে গতকাল বুধবার প্রশ্নপত্রভর্তি দুটি বস্তা উদ্ধার করেছে পুলিশ। এতে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর রচনামূলক ও নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনসারুল করিম প্রথম আলোকে জানান, বেলা তিনটার দিকে রাইডার স্ট্যান্ডের কাছে পরিত্যক্ত অবস্থায় বস্তা দুটি পাওয়া যায়। থানায় এনে বস্তা খুলে দেখা যায়, ভেতরে বিভিন্ন খামে প্রশ্নপত্র রয়েছে। খামের ওপরে লেখা, ‘গোপনীয়’, বিদ্যালয়ের ক্রম নং-১, ২ ইত্যাদি। এ ছাড়া লেখা রয়েছে, ‘বিদ্যালয়ের দুজন শিক্ষকের উপস্থিতিতে প্রধান শিক্ষক খামটি খুলবেন।’ একটি খামে ৪০-৫০ বান্ডিল প্রশ্নপত্রের কথা উল্লেখ রয়েছে। তবে প্রশ্নপত্রগুলো কোন বিদ্যালয়ের, সে বিষয়ে কিছু সেখানে লেখা নেই। আনসারুল করিম জানান, প্রশ্নপত্রগুলো থানা হেফাজতে রয়েছে।