পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ৩০ স্কুলে চলছে পাঠদান
বরিশালের গৌরনদী উপজেলায় ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে পরিত্যক্ত ও অধিক ঝুঁকিপূর্ণ এবং ১২টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। প্রাণহানির আশঙ্কায় এসব ভবনে শিক্ষার্থীদের পাঠদান না করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও শ্রেণীকক্ষ সংকটের কারণে বিদ্যালয়গুলোর প্রায় ১০ হাজার শিক্ষার্থীর পাঠদান চলছে পরিত্যক্ত এসব ভবনে। ইতিমধ্যে উপজেলার দুটি স্কুলের ছাদ ধসে দুই শিক্ষক ও ২৫ জন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলায় ৮৭টি সরকারি, ২৪টি রেজিস্ট্রার্ড, পাঁচটি কমিউনিটি ও দুটি অস্থায়ী রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাণহানির আশঙ্কায় উপজেলার পশ্চিম শাওড়া, ঢাকাইল, খাঞ্জাপুর, গেরাকুল, উত্তর পিংলাকাঠী, বেজগাতি মৈস্তারকান্দি, রামসিদ্ধি, বাটাজোর, জয়সুরকাঠী, মেদাকুল, ধানডোবা, পূর্ব হোসনাবাদ, উত্তর হোসনাবাদ, হাঁপানিয়া, কাঁঠালতলী, গেরাকুল, কটকস্থলসহ ১৮টি বিদ্যালয়ের ভবনকে পরিত্যক্ত ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রকৌশল ও প্রাথমিক শিক্ষা কার্যালয়। ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে—মাগুরা, মাদারীপুর, কমলাপুর, বাদুরতলা, উত্তর কাণ্ডপাশা, বিল্লগ্রাম, নলচিড়া, লক্ষ্মণকাঠী, মহিষা, চন্দ্রহার, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টরকী, দক্ষিণ মাগুরা, পূর্ব মাহিলাড়া, দক্ষিণ-পশ্চিমপাড়া, দক্ষিণ কুরিরচর রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়। ৩০টি প্রাথমিক বিদ্যালয়কে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে গত ৪ মে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি ধানডোবা ও গেরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে শিক্ষক-শিক্ষার্থীরা আহত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পশ্চিম শাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব কুমার ও অভিভাবক মো. আকবর হোসেন মোল্লা জানান, তাঁদের স্কুল ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তারপর নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা রানী বলেন, ‘ক্লাসে বসে মনে মনে ভাবি, ছেলেমেয়েরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে।’ গেরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা বেগম জানান, ১৯৯৫ সালে স্কুলটির নির্মাণকাজ সম্পন্ন হয়। কাজের গুণগত মান খারাপ হওয়ায় কিছুদিন আগে স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে পাঠদানরত অবস্থায় ছাদ ধসে পড়ে। এতে দুই শিক্ষক ও ১৫ জন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার পর শ্রেণীকক্ষ দুটিতে কিছুদিন পাঠদান বন্ধ রাখা হয়। কক্ষ-সংকটের কারণে এখন আবার সেখানেই পড়ানো হচ্ছে। গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, বিভিন্ন সরকারের সময় ক্ষমতাসীন দলের প্রভাবশালী ঠিকাদারদের খামখেয়ালির কারণে তাদের কাছ থেকে সঠিক কাজ আদায় করা সম্ভব হয়নি। নির্মাণকাজের গুণগত মান বজায় না থাকায় স্কুল ভবনগুলো কম সময়ে পরিত্যক্ত হয়ে গেছে।