পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে উড়ে গেছে শিশুর কবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা সদরের উদরাজপুর গ্রামের বাংলাবাজার এলাকায় গতকাল শুক্রবার পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে জিয়াউর রহমান (১৪) নামের এক কিশোর আহত হয়েছে।
বিস্ফোরণে জিয়াউর রহমানের ডান হাতের কবজি উড়ে গেছে। সে ফেনী পৌরসভার দক্ষিণ বিরিঞ্চি কদলগাজী রোডের বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, জিয়াউর রহমান মূলত টোকাই। দিনভর সে বিভিন্ন স্থানে পুরোনো লোহালক্কর খুঁজে বেড়ায় এবং বিকেলে সেগুলো বিক্রি করে। গতকাল বেলা একটার দিকে সে বাংলাবাজারের পাশে পুরোনো লোহালক্কর খুঁজছিল। তখন সে একটি পরিত্যক্ত ককটেল দেখতে পায়। ককটেলটি হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে সে আহত হয়।
স্থানীয় লোকজন প্রথমে তাকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, বিস্ফোরণে জিয়াউর রহমানের ডান হাতের কবজি উড়ে গেছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।