পরিত্যক্ত খোয়া-বালু দিয়ে ৭৫ লাখ টাকার সংস্কার!
জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা-বৈরাগীহাট সড়ক সংস্কারে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিত্যক্ত খোয়া-বালু ব্যবহার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ ৭৫ লাখ টাকার এই কাজের দরপত্রে পুরোনো খোয়া-বালু পরিত্যক্ত ঘোষণা করে সড়কটির বেশি খারাপ অংশ সম্পূর্ণ নতুনভাবে নির্মাণের কথা।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী পাঁচশিরা বাজার-বৈরাগীহাট সড়কটি ১৯৯০ সালের দিকে পাকা করা হয়। এতে পরীক্ষামূলকভাবে অ্যাগ্রিকেট সেং সয়েল (এএসএস) প্রযুক্তি ব্যবহার করা হয়। কিন্তু ওই প্রযুক্তি এই এলাকার মাটির সঙ্গে খাপ না খাওয়ায় দফায় দফায় সংস্কারের নামে শুধু মোটা অঙ্কের অর্থেরই অপচয় করা হয়। সর্বশেষ ২০০৬-০৭ অর্থবছরে সংস্কারকাজে ব্যয় করা হয় ৫৬ লাখ টাকা।সম্প্রতি সড়কটির বেশি ক্ষতিগ্রস্ত ১ দশমিক ৭০০ মিটার অংশ চিহ্নিত করে তা নতুন করে নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে উল্লেখ করা হয়, বেশি ক্ষতিগ্রস্ত ওই অংশের পুরোনো খোয়া-বালু সম্পূর্ণ তুলে তা রাস্তার দুই পাশে ফেলতে হবে। এরপর নতুন ইট-বালু-খোয়া ও পাথর ব্যবহার করে নতুন করে নির্মাণ করতে হবে।দুই সপ্তাহ আগে কাজটি শুরু করে ‘ফরিদ ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু দরপত্রের শর্ত ভঙ্গ করে সড়ক থেকে তুলে ফেলা পুরাতন খোয়া-বালু আবারও ব্যবহার করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। আর এ নিয়ে কেউ যাতে কথা তুলতে না পারে, সে জন্য নিচে পরিত্যক্ত খোয়া-বালু ফেলে ওপরে সামান্য নতুন খোয়া-বালু ফেলা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, ঝামুটপুর মাদ্রাসা-সংলগ্ন বেশি ক্ষতিগ্রস্ত অংশে পুরোনো ইট-বালু-খোয়া তুলে সেসবই নতুন করে ফেলা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ২০০ মিটার অংশে পুরোনো খোয়া-বালু ফেলা হয়েছে। কোথাও কোথাও পরিত্যক্ত খোয়া-বালু জড়ো করে রাখা হয়েছে সংস্কারকাজে ব্যবহারের জন্য।এলজিইডির নারী শ্রমিক আলেয়া, মামুদা, দলনেত্রী জাহানারা ও রাশিদা জানান, নির্বাহী প্রকৌশলীর নির্দেশে তাঁরা ঠিকাদারি প্রতিষ্ঠানের তুলে ফেলা পরিত্যক্ত খোয়া বাছাই করে এক জায়গায় জড়ো করছিলেন। কিন্তু ঠিকাদারের লোকজন তাতে বাধা দেয়। তারা এসব পরিত্যক্ত খোয়া-বালু ব্যবহার করছে। ঝামুটপুর বাজারের ব্যবসায়ী এনামুল হক বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা পরিত্যক্ত খোয়া-বালু ব্যবহার করায় এলাকাবাসী প্রতিবাদ করে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বিষয়টি এলজিইডি কার্যালয়কে অবহিত করা হয়েছে।এদিকে পরিত্যক্ত খোয়া-বালু ব্যবহারের অভিযোগ পেয়ে গত সোমবার এলজিইডির প্রকৌশলীদের একটি দল ঘটনাস্থলে আসে। তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের কাছে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত পরিত্যক্ত খোয়া-বালু তুলে ফেলার নির্দেশ দেয়। কিন্তু মঙ্গলবার পর্যন্ত তা করা হয়নি।ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক লিটন মিয়া বলেন, ঠিকাদারের নির্দেশে পরিত্যক্ত খোয়া-বালু ফেলা হচ্ছে। ঠিকাদার ফরিদ উদ্দিন এ বিষয়ে বলেন, পরিত্যক্ত খোয়া-বালু সামান্য ব্যবহার হবেই। বিষয়টি এলজিইডির প্রকৌশলীরা দেখবেন।এলজিইডির জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী সালেহ আহম্মেদ বলেন, সংস্কারকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ওই সড়কের পুরোনো খোয়া পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের সেখানে পাঠানো হয়েছে।