পরিত্যক্ত খোয়ায় সড়ক পুনর্নির্মাণ, উঠে যাচ্ছে কার্পেটিং
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া-মশিয়াহাটি সড়ক পুনর্নির্মাণে পরিত্যক্ত খোয়াসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এতে এ সড়ক দ্রুত যান চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছে। পানি উন্নয়ন বোর্ডের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ডিসেম্বরে তিনটি প্যাকেজের মাধ্যমে তিন কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে নওয়াপাড়া-মশিয়াহাটি সড়কের প্রায় সাড়ে ছয় কিলোমিটার এলাকা পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। ২০০৮ সালের প্রথম দিকে ২৫ ও ২৬ নম্বর প্যাকেজের আওতায় সড়কটির চার কিলোমিটার ৪০০ মিটার অংশের কাজ পায় রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হোলি হোপ এন্টারপ্রাইজ। ২৭ নম্বর প্যাকেজের আওতায় বাকি দুই কিলোমিটার অংশের কাজ পায় বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রূপালি কনস্ট্রাকশন। এক বছরের চুক্তিতে ফেব্রুয়ারি মাসে কার্যাদেশ পেয়ে দুই ঠিকাদার কাজ শুরু করেন। সরেজমিন দেখা গেছে, ২৭ নম্বর প্যাকেজের দুই কিলোমিটার সড়কের কার্পেটিংয়ের কাজ সম্প্র্রতি শেষ হয়েছে। সড়কের পাশের মাটি সমান করা হচ্ছে। ২৫ ও ২৬ নম্বর প্যাকেজের চার কিলোমিটার ৪০০ মিটার সড়কে খোয়া ও বালু ফেলে রাখা হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন, সড়কটিতে পুরোনো সড়কের পরিত্যক্ত খোয়া ব্যবহার করা হয়েছে। এ ছাড়া নতুন যে খোয়া ব্যবহার করা হয়েছে তাও নিম্নমানের। বালুও দেওয়া হয়নি ঠিকমতো। একই সঙ্গে ঠিকাদার দায়সারাভাবে কার্পেটিংয়ের কাজ করেছেন। সুজাতপুর গ্রামের শ্রীমন্ত বৈরাগী (৬০) অভিযোগ করেন, ‘রাস্তায় খোয়া ঠিকমতো দিতে দেখিনি। আর এমনভাবে কার্পেটিং করা হয়েছে যে ভ্যান চলাচল করলেই সড়ক দেবে যায়।’হাটগাছা গ্রামের নিখিল চন্দ্র মণ্ডল (৭৭) অভিযোগ করেন, ‘রাস্তায় একেবারেই নিম্নমানের কাজ হয়েছে। অনেক জায়গায় কার্পেটিং উঠে গেছে।’ একই গ্রামের গোলাম মোস্তফা (৩২) অভিযোগ করেন, ‘রাস্তা খাড়া করে করা হয়েছে। রাস্তার পাশে কোনো মাটি নেই। একটু জোরে বৃষ্টি হলে রাস্তার মাটি ধুয়ে নিচে পড়বে।’২৫ ও ২৬ নম্বর প্যাকেজের ঠিকাদার সাকির হোসেন ওরফে বাবু বলেন, ‘রাস্তার কাজে একটুও গাফিলতি করিনি। দরপত্রে উল্লেখ না থাকলেও পাউবো পরিত্যক্ত খোয়ার টাকা কেটে নিয়েছে। ওই খোয়া পরীক্ষা করে এর সঙ্গে ভালো খোয়া মিশিয়ে রাস্তায় দেওয়া হয়েছে।’ ২৭ নম্বর প্যাকেজের ঠিকাদার অমল দাস বলেন, ‘আন্তরিকতার সঙ্গে রাস্তার কাজ করেছি। এ কাজে আমার ২৫-২৬ লাখ টাকা লোকসান হবে।’পাউবোর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার বলেন, ‘নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’