দিঘি ভরাট ও বধ্যভূমির সৌন্দর্য নষ্ট করে আধুনিক খাদ্য সংরক্ষণাগার (সাইলো) নির্মাণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন বরিশালের নাগরিকেরা। তাঁরা দিঘির পাশে থাকা পরিত্যক্ত গুদাম ভেঙে সেখানে আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণের পরামর্শ দিয়েছেন।
গতকাল মঙ্গলবার নগরের বিডিএস মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই পরামর্শ দেন নাগরিকেরা। খাদ্য মন্ত্রণালয়ের আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্প এই সভার আয়োজক।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বরিশালের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, যেখানে গুদাম নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, সেই স্থানটি বর্তমানে বিরাট পুকুর ও বধ্যভূমি নিয়ে পর্যটনের মতো গড়ে উঠেছে। পুকুর ও বধ্যভূমি রক্ষা করেও গুদাম নির্মাণ করা যেতে পারে। পাশে পরিত্যক্ত গুদামের ভেতর গুদাম করা হলে সমস্যার সমাধান সম্ভব।
বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র কে এম শহীদুল্লাহ বলেন, ত্রিশ গোডাউনের অধিকাংশই কোনো কাজে আসছে না। পরিত্যক্ত এসব গোডাউন ভেঙে সাইলো নির্মাণ করলে বধ্যভূমি ও পুকুরের সৌন্দর্য রক্ষা করা সম্ভব হবে।
আঞ্চলিক খাদ্য সংরক্ষক বরিশাল অঞ্চলের প্রধান মো. আমজাদ হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল মহানগর কমান্ডার মোকলেছুর রহমান, মহিউদ্দিন মানিক বীর প্রতীক, নূরুল আলম ফরিদ, প্রবীণ আইনজীবী এস এম ইকবাল, নাট্যজন সৈয়দ দুলাল, সেক্টর কমান্ডারস ফোরাম বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক কাজল ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, পরিত্যক্ত গোডাউন এলাকায় সাইলো করলে ভূমি উন্নয়নে সাড়ে তিন কোটি টাকা অপচয় রোধ সম্ভব। তা ছাড়া এলাকাটি সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা থাকায় বাড়তি প্রাচীরেরও প্রয়োজন পড়বে না। তাঁরা বলেন, নাগরিকদের মত উপেক্ষা করে দিঘি ও বধ্যভূমির সৌন্দর্য নষ্ট করে সাইলো নির্মাণ করা হলে বরিশালবাসী তা প্রতিহত করবেন। প্রয়োজনে তাঁরা আদালতে যেতে বাধ্য হবেন।