পরিত্যক্ত ঘরে পড়েছিল তরুণ-তরুণীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে একটি পরিত্যক্ত ঘর থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুহামুনি বড়ুয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, অন্বেষা চৌধুরী আশা (১৮) ও জয় বড়ুয়া (২৬)।

রোববার দিবাগত রাত ১২টার পরে ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান-রাঙ্গুনিয়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুনসহ পুলিশ ও পিবিআইয়ের একটি দল। পুলিশের ধারণা জয় অন্বেষার গলায় ছুরিকাঘাত করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

নিহত কলেজছাত্রী অন্বেষা চৌধুরী উপজেলার নোয়াপাড়া ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পাহাড়তলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহামুনি গ্রামের উদয়ন চৌধুরী বাড়ির ওষুধ ব্যবসায়ী রণজিৎ চৌধুরীর মেয়ে। তিন বোনের মধ্যে অন্বেষা সবার বড়।

নিহত জয় বড়ুয়া একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভগবান দারগার বাড়ির চা দোকানি নিলেন্দু বড়ুয়ার ছেলে। তিনি এক ভাই এক বোনের মধ্য বড়।
নিহতদের পরিবারের সদস্য, স্থানীয় প্রত্যক্ষদর্শী, জনপ্রতিনিধি, পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ছুরিকাঘাতে নিহত অন্বেষার বিয়ে ঠিক হয়েছিল। আগামী ১০ মার্চ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া গ্রামের এক প্রবাসীর সঙ্গে তাঁর বিয়ের আয়োজনের প্রস্তুতি চলছিল।

ঘটনার দিন রোববার দুপুরে অন্বেষা ও তাঁর মা শান্তা বড়ুয়া উপজেলার নোয়াপাড়া পথেরহাট বাজার থেকে বিয়ের বাজার এনেছিল। বিকেলে বাড়ির আধা কিলোমিটার দূরত্বে নিহত জয় বড়ুয়ার বাড়ির কাছে টিউশনি করতে গিয়েছিলেন অন্বেষা।
নিহত অন্বেষার বাবা রণজিৎ চৌধুরী প্রথম আলোকে বলেন, মেয়ের সঙ্গে কারও প্রেমের সম্পর্ক ছিল না। বিয়ে নিয়ে তাঁর মেয়ে অনেক উৎফুল্ল ছিল। সব আয়োজন কেনা-কাটা নিজে করছিল মাকে নিয়ে।

নিহত জয় বড়ুয়ার বাবা নিলেন্দু বড়ুয়া বলেন, রোববার সন্ধ্যার পর তাঁর চা দোকান থেকে মন্দিরে যাওয়ার কথা বলে বের হয়েছিল ছেলে। কিন্তু এরপর এসব কি হলো তা তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, মার্চের ১ তারিখ থেকে একটি চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল ছেলের। কারও সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে এমন খবর তিনি কখনো শোনেননি।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ রোকন উদ্দিন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি পুলিশে খবর দেন। এর আগে স্থানীয় লোকজন ওই ঘরের দরজা ভেঙে একটি কক্ষে মেয়েটির গলায় ছুরিকাঘাত করা লাশ আর একই কক্ষের ফ্যানের সঙ্গে ছেলেটার ঝুলন্ত লাশ দেখতে পায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন প্রথম আলোকে বলেন, মেয়েটির বিয়ের খবর শুনে তাঁকে হত্যা করে ওই তরুণ নিজে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এরপর মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।