সাটুরিয়ায় বিদ্যালয় ভবনে ফাটল
পরিত্যক্ত ঘোষণা, সাত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ
ফাটল দেখা দেওয়ায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাতটি প্রাথমিক বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা করে তা ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তবে বিদ্যালয়গুলোর ক্লাস কোথায় হবে সে ব্যাপারে বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরও নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি।
এ অবস্থায় বিপাকে পড়েছেন বিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের খোলা মাঠে, বিদ্যালয়সংলগ্ন বাড়িতে, ক্লাবে বা পরিত্যক্ত ভবনেই পড়াশোনা করতে হচ্ছে তাদের।
ভবন পরিত্যক্ত ঘোষণা করা বিদ্যালয়গুলো হলো রাধানগর, কালিকাবাড়ি, ফাজিলাবাড়ি, পাতিলাপাড়া, চকমধুপুর, মহিষালোহা ও হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে প্রথম পাঁচটি বিদ্যালয় এত দিন বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় থাকলেও সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, জাতীয়করণ করা হয়েছে।
গত ১২ জুন সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাবেরা সুলতানা বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের কাছে পত্র পাঠান। পত্রে পরিত্যক্ত ভবনগুলোতে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক ও শ্রেণী কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেন এবং অস্থায়ী বা বিকল্প স্থানে পাঠদানের ব্যবস্থা করারও অনুরোধ জানান।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়গুলোর বিম, পিলার ও দেয়ালে বড় ধরনের ফাটল। রাধানগর, ফাজিলাবাড়ি ও মহিষালোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছিল বিদ্যালয়ের মাঠে। চকমধুপুর বিদ্যালয়ের ২১৭ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে পাঠদান করা হচ্ছিল পাশের ছনকা যুব ও ক্রীড়া সংঘের একটি ঘরে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাতেম আলী বলেন, বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা করার পর থেকে এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা সেখানে ক্লাস করতে চায় না। এ কারণে তাদের উপস্থিতিও কমে গেছে।
কালিকাবাড়ি ও পাতিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছিল ঝুঁকিপূর্ণ ভবনেই। এ ব্যাপারে কালিকাবাড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও পাতিলাপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, বিকল্প ব্যবস্থা না থাকায় বিদ্যালয় ভবনেই পাঠদান অব্যাহত রাখা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের অধিকাংশই ভয়ে বিদ্যালয়ে আসে না।
রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাবুল চক্রবর্তী বলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা করে বিকল্প ব্যবস্থায় পাঠদান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন। কিন্তু বিদ্যালয়ের তহবিলে কোনো অর্থ না থাকায় এবং স্থানীয়ভাবে অনুদান সংগ্রহ করা সম্ভব না হওয়ায় কোনো বিকল্প ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে।
বাবুল চক্রবর্তী বলেন, জরুরি ভিত্তিতে সরকারিভাবে অনুদান বা ভবনের ব্যবস্থা করা না হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়বে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যা বলেন: সাবেরা সুলতানা বলেন, ‘উপজেলা প্রকৌশলী জিয়াউর রহমানের মতামতের ভিত্তিতে সাত সদস্যবিশিষ্ট উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাতটি বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত বিদ্যালয় কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থায় পাঠদান অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।’