পরিত্যক্ত ঘোষণার আট বছরেও হয়নি নতুন ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিত্যক্ত ঘোষণা করার আট বছর পরও নতুন ভবন নির্মাণ করা হয়নি। এ কারণে সেই ভবনেই ঝুঁকি নিয়ে চালানো হচ্ছে পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম। এ করুণ অবস্থা কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল বেকিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩-৯৪ অর্থবছরে বিদ্যালয়ের জন্য চার কক্ষের একটি পাকা ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে তিনটি কক্ষে পাঠদান করা হয়। অপর একটি কক্ষে ঠাসাঠাসি করে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকেরা বসেন ও দাপ্তরিক কার্যক্রম চালান। সংস্কারের অভাবে পুরো ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

বিদ্যালয়ে শিশু শ্রেণিতে ৩২ জন, প্রথম শ্রেণিতে ৩৬ জন, দ্বিতীয় শ্রেণিতে ৩৪, তৃতীয় শ্রেণিতে ৩৪, চতুর্থ শ্রেণিতে ২৬ ও পঞ্চম শ্রেণিতে ২৬ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের দুই শাখায় পাঠদান করা হচ্ছে।

প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহিম সরকার বলেন, ২০০৮ সালে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান ও উপজেলা শিক্ষা প্রকৌশলী সানাউল্লাহ পরিদর্শনে এসে বিদ্যালয় ভবনের অবস্থা দেখে মৌখিকভাবে এটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। কিন্তু বিদ্যালয় মাঠে অথবা আশপাশে জায়গা না থাকায় ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনেই পাঠদান করতে হচ্ছে।

প্রধান শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষকের পাঁচটি পদ থাকলেও শূন্য রয়েছে দুটি। কর্মরত আছেন তিনজন। এর মধ্যে সহকারী শিক্ষক ফাতেমা আক্তার এ বছরের জানুয়ারি থেকে এক বছরের জন্য সার্টিফিকেট ইন এডুকেশন (সিএনএড) প্রশিক্ষণে গেছেন এবং সহকারী শিক্ষকের দুটি পদ শূন্য। তিনি দাপ্তরিক কাজে প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গেলে সহকারী শিক্ষক সাবিনা আক্তারকে পাঠদান করতে হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতি মাসে জানানো হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে। পঞ্চম শ্রেণি, শিশু, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ক্লাস একসঙ্গে নেওয়া হচ্ছে।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাহিমা আক্তার বলে, ‘ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে ভয় লাগে। শিক্ষক কম থাকায় একসঙ্গে কয়েকটি শ্রেণিতে একজন শিক্ষক ক্লাস নেন। এতে আমাদের পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা আক্তার বলেন, প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে দাউদকান্দি চলে গেলে একাধিক শ্রেণিতে পাঠদান করতে হিমশিম খেতে হয়।

দাউদকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস বলেন, ‘উপজেলার মালিখিল বেকিনগরসহ নয়টি বিদ্যালয়ের ভবন নতুন করে নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সর্বশেষ ১৩ এপ্রিল তালিকা পাঠিয়েছি।’ শিক্ষক-সংকটের ব্যাপারে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে শিক্ষক-সংকটের সমাধান হবে।