পরিত্যক্ত জমির মালিকানা দাবি দুই অবাঙালির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা শহরের বিডিআর রোডে পরিত্যক্ত তালিকাভুক্ত ১৯ শতক জমির মালিকানা দাবি করেছে দুটি অবাঙালি পরিবার। এই জমিতে বর্তমানে ভূমিহীন একটি শহীদ পরিবার বসবাস করছে।জানা যায়, লালমনিরহাটের বিডিআর রোডের ১৯ শতক জমির মালিক অবাঙালি ওমর আলী মিয়া। স্বাধীনতাযুদ্ধের সময় তিনি সপরিবারে পালিয়ে যান। দেশ স্বাধীন হওয়ার পর এই জমিটুকু পরিত্যক্ত তালিকাভুক্ত হয়। প্রশাসন ১৯৭২ সাল থেকে মুক্তিযুদ্ধে শহীদ সামছুর রহমানের ছেলে ভূমিহীন এস সুলতান আহমেদকে জমিটি দেখভালের দায়িত্ব দেয়।বিডিআর রোডের বাসিন্দা অবাঙালি হামিদা বেগম ওয়ারিশসূত্রে ওই জমির মালিকানা দাবি করে ১৯৯৫ সালে লালমনিরহাটের নিম্ন আদালতে একটি মামলা করেন। মামলায় জেলা প্রশাসক ও এস সুলতান আহমেদসহ ছয়-সাতজনকে বিবাদী করা হয়। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। অপরদিকে, ২০১২ সালের ২৯ নভেম্বর রংপুরের আলমনগর মুসলিম পাড়ার বাসিন্দা অবাঙালি মো. সালাউদ্দিন নিজেকে ওমর আলী মিয়ার নাতি দাবি করে ওই জমি পরিত্যক্ত তালিকা থেকে অবমুক্তির জন্য লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। বর্তমানে এ আবেদনটি তদন্তাধীন। মো. সালাউদ্দিন বলেন, ‘অবাঙালি হওয়ায় ১৯৭১ সালে জীবন বাঁচাতে আমার নানা ওমর আলী সপরিবারে পালিয়ে রংপুরে এসে বসবাস শুরু করেন। তাঁর দুই মেয়ের মধ্যে সালমা বেগম অবিবাহিত অবস্থায় মারা যান। আমরা ওমর আলীর অপর মেয়ে মৃত মালেকা বেগমের বৈধ ওয়ারিশ হিসেবে ওই জমিটি ফিরে পাওয়ার জন্য আবেদন করেছি। হামিদা বেগম নামে আমার কোনো খালা নেই।’হামিদা বেগম বলেন, ‘আমিই ওমর আলী মিয়ার একমাত্র জীবিত ওয়ারিশ (মেয়ে)। তাই ওই জমিটি ফিরে পেতে আদালতে মামলা করেছি, রায়ও পেয়েছি। প্রশাসন ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে। আমার মায়ের নাম সখিনা বেগম, সালমা বেগম নামের আমার আরেক বোন ছিল, অবিবাহিত অবস্থায় মারা গেছে। মালেকা বেগম নামে আমার কোনো বোন ছিল না।’ এ ব্যাপারে এস সুলতান আহমেদ বলেন, ‘শহীদ পরিবারের একজন সদস্য ও ভূমিহীন হওয়ায় ১৯৭২ সাল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে উক্ত জমিতে সরিবারে বসবাস করছি। এ অবস্থায় যেকোনো সময় আমাদের উচ্ছেদ করা হতে পারে বলে আতঙ্কে আছি।’ জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ওই জমির বিষয়ে উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন। অপর একটি পক্ষ একই জমির অবমুক্তির আবেদন করায় সেটিও তদন্তাধীন রয়েছে। তবে পরিত্যক্ত তালিকাভুক্ত জমিটি রক্ষায় প্রশাসনের পক্ষে যা করণীয় তা করা হচ্ছে।