পরিত্যক্ত জাতিসংঘ পার্কে ফুল ফোটাবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের উদ্যান ও পার্কগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনের। সেই সিটি করপোরেশনই চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার ‘জাতিসংঘ পার্ক’কে পরিত্যক্ত বলছে। যদিও পার্কের এই দুর্দশার দায় নিতে রাজি নয় করপোরেশন। প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা বলছেন, পার্কটির উন্নয়নের জন্য করপোরেশনের নেওয়া পরিকল্পনা ঝুলিয়ে রেখেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ কারণেই পার্কটির এমন দশা হয়েছে। পার্কটির আয়তন দুই একরের বেশি।
গত ৩ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সচিবকে লেখা এক চিঠিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম উল্লেখ করেন, জাতিসংঘ পার্কটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পার্কটি প্রায় সারা বছর পানিতে ডুবে থাকে। আবাসিক এলাকার বাসিন্দাসহ নগরবাসী পার্কের ভ্রমণবিলাস থেকে বঞ্চিত হয়ে আসছে। সাবেক মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সময় পার্কের একাংশে একটি জিমনেশিয়াম ও দুটি সুইমিং পুল নির্মাণ করা হয়। অপরিকল্পিতভাবে নির্মিত এ দুটি স্থাপনাও দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোনো যত্ন না নেওয়ায় পার্ক আগাছায় ভরে জঙ্গলে পরিণত হয়েছে। পার্কটি এখন মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
জাতিসংঘ পার্কের উন্নয়ন ও মালিকানা সম্পর্কে জানতে চেয়ে গত ২১ জুলাই চট্টগ্রাম সিটি করপোরেশনকে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। এ চিঠির জবাবে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পার্কের বেহাল অবস্থার কথা তুলে ধরেন।
জাতিসংঘ পার্ককে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা কোনোভাবেই কাম্য হতে পারে না বলে মন্তব্য করেছেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক স্থপতি জেরিনা হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, নগরে এমনিতেই খোলা উদ্যানের অভাব রয়েছে। পার্কটিকে আধুনিক ও পরিকল্পিত উপায়ে গড়ে তুলে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া দরকার। এ জন্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, পার্কের একপাশে সীমানাপ্রাচীর নেই। মূল প্রবেশপথের রাস্তায় পানি ও শেওলা জমেছে। পার্কের ভেতরে বিভিন্ন জায়গায় মাটির স্তূপ রয়েছে। যেখানে-সেখানে পড়ে আছে ময়লা-আবর্জনা। পার্কের ডান পাশের অংশে ছোট একটি ওয়াকওয়ে রয়েছে। এ অংশে কিছু ফুল গাছ থাকলেও তা জঙ্গলে রূপ নিয়েছে। বসার আসনগুলো নড়বড়ে ও ভাঙা।
পার্কের দায়িত্বরত সিটি করপোরেশনের মালি মোহাম্মদ আজিজ বলেন, সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত আর বিকেলে চারটা থেকে রাত আটটা পর্যন্ত পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এখন আর পার্কে লোকজন আসে না। যারা আসে, তারাও পার্কের অবস্থা দেখে বেশিক্ষণ থাকে না।
ব্যবস্থাপনাগত সংকটের কারণে পার্কের এমন দশা বলে জানান সিটি করপোরেশনের ভূসম্পত্তি বিভাগের এক কর্মকর্তা। নাম না প্রকাশের শর্তে তিনি বলেন, পার্কটিকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিতভাবে গড়ে তোলার যে পরিকল্পনা মেয়র নিয়েছেন, তা বাস্তবায়ন করার মতো আর্থিক সামর্থ্য ও জনবল সিটি করপোরেশনের নেই। তাই এর উন্নয়নে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রতিষ্ঠানটি নিজের অর্থে পার্কের উন্নয়ন করবে। তবে জনসাধারণ বিনা মূল্যে পার্কে প্রবেশ করতে পারবে। তিনি বলেন, প্রতিষ্ঠানটি আয়ের জন্য জিমনেশিয়াম প্রাঙ্গণে একটি কাবাব হাউস দিতে পারবে এবং সুইমিংপুল ও জিমনেশিয়াম ব্যবহারকারীদের কাছ থেকে নামমাত্র ফি আদায় করতে পারবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে পার্কের উন্নয়ন করার জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মন্ত্রণালয় কোনো অনুমোদন দেয়নি। এর কোনো অগ্রগতিও নেই।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব কাজী আসাদুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাতিসংঘ পার্কের বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মতামতের জন্য গত ৪ অক্টোবর চিঠি দেওয়া হয়েছে। এখনো মতামত পাওয়া যায়নি।
সিটি করপোরেশন সূত্র জানায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় জাতিসংঘ পার্কটি তৎকালীন চট্টগ্রাম পৌরসভার কাছে হস্তান্তর করে। ৫০ বছর ধরে সিটি করপোরেশন এ পার্কের ভূমি উন্নয়ন কর পরিশোধ করে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালিয়ে আসছে।
চট্টগ্রামের প্রবীণ শিক্ষাবিদ ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের কাজের যে রেকর্ড, তাতে তাদের পক্ষে পার্কটিকে সুচারুভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাই পরিচালনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া যেতে পারে। তবে শর্ত থাকতে হবে, প্রতিষ্ঠানটি যাতে কোনো ধরনের ফি আরোপ করতে না পারে।