পরিত্যক্ত ট্রাক থেকে দুটি লাশ উদ্ধার
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার থানা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার ভোরে পরিত্যক্ত একটি মিনিট্রাক থেকে দুটি লাশ ও একজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
দুপচাঁচিয়া থানা সূত্রে জানা গেছে, ভোরে ওই এলাকায় একটি পরিত্যক্ত মিনিট্রাকে তিনটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে জীবিত অবস্থায় পান। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি মুঠোফোন উদ্ধার করে পুলিশ। ওই মুঠোফোনগুলোতে থাকা বিভিন্ন নম্বরে যোগাযোগ করে পুলিশ ওই দুটি লাশ ও জীবিত ব্যক্তির পরিচয় পায়।
নিহত ব্যক্তিরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্লি গোপালপুর গ্রামের দেলশাদ দিলীপ (২৩) ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কান্দা গ্রামের আজাদ (২৪)। আহত শাহ আলম মিঠাপুকুর উপজেলার শাল্লি গোপালপুর গ্রামের শাহজাহানের ছেলে।
দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেঞ্চদ বলেন, ট্রাকটির এক পাশ দুমড়ে-মুচড়ে যাওয়া দেখে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটেছে।